আমলার শতক, তাহিরের স্পিন জাদু
হাশিম আমলার আরও একটি নান্দনিক শতক; কুইন্টন ডি ককের সঙ্গে দুর্দান্ত উদ্বোধনী জুটি। ফাফ ডু প্লেসি, ক্রিস মরিসের ঝড়। ইমরান তাহিরের ইতিহাস গড়া ৭ উইকেট। ওয়ার্নার পার্কে ম্যাচ জুড়ে যেন প্রোটিয়াদের আনন্দ ভ্রমণ!
ত্রিদেশীয় সিরিজে টিকে থাকতে সেন্ট কিটস পর্বের শেষ দিনে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল জয়। জিতল তারা বোনাস পয়েন্টসহ। ওয়েস্ট ইন্ডিজকে ১৩৯ রানে হারিয়ে শেষ থেকে উঠে এলো শীর্ষে।
দক্ষিণ আফ্রিকার ৩৪৩ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করতে পারে ২০৪ রান।
দুই প্রোটিয়া স্পিনার তাহির ও তাবরাইজ শামসি মিলেই নিয়েছেন ৯ উইকেট। ৯ ওভারে ৪৫ রান দিয়ে একাই ৭টি তাহির। ওয়ানডেতে এই প্রথম ৭ উইকেট পেলেন দক্ষিণ আফ্রিকার কোনো বোলার।
বুধবার টস হার ছাড়া বাকি সবটুকুই ছিল দক্ষিণ আফ্রিকার। সেই টস হারটাও ছিল শাপেবর, এবি ডি ভিলিয়ার্স যে আগে করতে চেয়েছিলেন বোলিং!
বাধ্য হয়ে ব্যাটিংয়ে নেমে দারুণ এক উদ্বোধনী জুটি। যদিও দুই ব্যাটসম্যান ছিলেন দু রকম ছন্দে। শুরু থেকেই আমলা খেলেছেন স্বচ্ছেন্দে, মেলে ধরেছেন চোখ জুড়ানো সব শটের পসরা। আরেকপাশে ডি কক টাইমিংই পাচ্ছিলেন না। তবে তাতে অস্থির না হয়ে ঠাণ্ডা মাথায় আমলাকে দিয়ে গেছেন সঙ্গ।
৮৯ বলে আমলা স্পর্শ করেন শতক; ১৩২ ইনিংসে তার ২৩তম। যথারীতি আগের বেশকটি শতকের মত এটিতেও সবচেয়ে কম ইনিংস খেলার রেকর্ড। ১৫৭ ইনিংসে ২৩ শতক করেছিলে বিরাট কোহলি।
আগে আউটও হয়েছেন আমলা, কাইরন পোলার্ডের বলে ধরা পড়েছেন লং অফে (৯৯ বলে ১১০)। ভেঙেছে ১৮২ রানের উদ্বোধনী জুটি। সঙ্গীকেও হারিয়ে পরের ওভারে বিদায় নেন ডি ককও (১০৩ বলে ৭১)।
ক্যারিবিয়ানদের ভোগান্তি তাতে বেড়েছে বই কমেনি। পিঞ্চ হিটার হিসেবে তিনে নামা ক্রিস মরিস ২৬ বলে করেছেন ৪০। দু প্লেসির সঙ্গে তৃতীয় উইকেটে তার জুটি ৩৮ বলে ৬০ রানের।
চোট থেকে ফিরে টানা দ্বিতীয় অর্ধশতকে দু প্লেসি অপরাজিত ৫০ বলে ৭৩ করে। শেষ দিকে ডি ভিলিয়ার্স ১৯ বলে ২৭।
টুর্নামেন্টের প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকা তোলে তিনশ’, রান নিয়ে যায় ৩৪৩ পর্যন্ত। শেষ ৫ ওভারেই তুলেছে তারা ৭০!
রান তাড়ায় আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে ভোগানো ক্যারিবিয়ান উদ্বোধনী জুটি দারুণ শুরু করেছিল এই ম্যাচেও। আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লস ৬৯ রানের জুটি গড়েন ৯ ওভারে।
ফ্লেচারকে সরিয়ে তাহির এই জুটি ভাঙার পর ধীরে ধীরে ভেঙে পড়ে ক্যারিবিয়ান ইনিংসও। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি কেউ, গড়ে ওঠেনি বড় জুটি। তাহির একাই হয়ে ওঠেন হন্তারক।
পরে এক ওভারেই ফিরিয়েছেন হোল্ডার-ব্র্যাথওয়েইট-পোলার্ডকে। রানের খাতা খুলতে পারেননি সুলিমান বেন। জেরম টেলরকে ফিরিয়ে গুটিয়ে দিয়েছেন ক্যারিবিয়ানদের, নিয়েছেন রেকর্ড ৭ উইকেট।
দক্ষিণ আফ্রিকার আগের সেরা বোলিং ছিল গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে কাগিসো রাবাদার ১৬ রানে ৬ উইকেট।
গায়ানা ও সেন্ট কিটস পর্ব শেষে ৪ ম্যাচে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০, অস্ট্রেলিয়ার ৯, ওয়েস্ট ইন্ডিজের ৮। টুর্নামেন্টের তৃতীয় ভাগ এখন হবে বারবাডোজে। ফাইনালও এখানেই।
প্রতিপক্ষ দুই দলেরই বোনাস পয়েন্ট থাকায় কাজটি কঠিন হয়ে গেল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৪৩/৪ (আমলা ১১০, ডি কক ৭১, মরিস ৪০, দু প্লেসি ৭৩*, ডি ভিলিয়ার্স ২৭*, দুমিনি ১০*; টেলর ১/৭২, হোল্ডার ০/৫১, নারাইন ০/৪৬, ব্র্যাথওয়েট ১/৬৯, বেন ০/৩৫, পোলার্ড ২/৬৪)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩৮ ওভারে ২০৪ (ফ্লেচার ২১, চার্লস ৪৯, ব্রাভো ১১, স্যামুয়েলস ২৪, রামদিন ১১, পোলার্ড ২০, হোল্ডার ১৯, ব্র্যাথওয়েইট ০, নারাইন ১৮*, বেন ০, টেলর ১৬; পারনেল ১/৪৩, রাবাদা ০/৪৬, তাহির ৭/৪৫, মরিস ০/২৬, শামসি ২/৪১)।
ফল: দক্ষিণ আফ্রিকা ১৩৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ইমরান তাহির।
