শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় লর্ডস
ব্যাটে-বলের লড়াই দারুণ জমে উঠেছে লর্ডসে। জিততে মরিয়া ইংল্যান্ড চতুর্থ দিনের শেষ বেলায় ইনিংস ঘোষণা করে, কিন্তু কোনো সাফল্য আসেনি। দিমুথ করুনাত্নে ও কৌশল সিলভার দৃঢ়তায় নিরাপদেই সময়টুকু কাটিয়ে দেয় শ্রীলঙ্কা।
জয়ের জন্য পঞ্চম ও শেষ দিন আরও ৩৩০ রান চাই শ্রীলঙ্কার। এরই মধ্যে সিরিজ নিশ্চিত করা ইংল্যান্ডের চাই ১০ উইকেট।
চতুর্থ দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩২ রান। করুনারত্নে ১৯ ও সিলভা ১২ রানে ব্যাট করছেন।
রোববার শেষ বেলায় ১২ ওভারের মধ্যে উইকেটের জন্য মরিয়া ছিলেন কুক। খুব আক্রমণাত্মক ফিল্ডিংও সাজিয়েছিলেন। নিয়মের ব্যতিক্রম করে জেমস অ্যান্ডারসনের জায়গায় প্রথম ওভারটি করান স্টুয়ার্ট ব্রডকে দিয়ে। কিন্তু কোনো কাজ হয়নি, নেওয়া যায়নি কোনো উইকেট।
এর আগে ৪ উইকেটে ১০৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের শুরুটা ভালো হয়নি তাদের। দ্রুত ফিরে যান নাইটওয়াচম্যান স্টিভেন ফিন। তার বিদায়ে ক্রিজে আসেন কুক, যিনি চোটের জন্য লম্বা সময় ফিল্ডিং করেননি।
উদ্বোধনী জুটির সঙ্গী অ্যালেক্স হেলসকে নিয়ে প্রতিরোধ গড়েন ইংল্যান্ডের অধিনায়ক। ষষ্ঠ উইকেটে এই দুই জনে উপহার দেন ৮২ রানের জুটি। এই জুটিই ইংল্যান্ডের সম্ভাবনা বাঁচিয়ে রাখে।
ক্যারিয়ারে প্রথমবারের মতো মিডল অর্ডারে ব্যাট করা কুক অপরাজিত থাকেন ৪৯ রান। তার ৮৬ বলের ইনিংসে আছে তিনটি চার ও একটি ছক্কা- এটি তার ক্যারিয়ারের মাত্র দশম ছক্কা। নবম থেকে দশম ছক্কাটি হাঁকাতে খেলেছেন ৭৯ ইনিংস!
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪১৬
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮৮
ইংল্যান্ড ২য় ইনিংস: (আগের দিন ১০৯/৪) ৭১ ওভারে ২৩৩/৭ ডিক্লে. (কম্পটন ১৯, হেলস ৯৪, রুট ৪, ভিন্স ০, বেয়ারস্টো ৩২, ফিন ৭, কুক ৪৯*, মঈন ৯, ওকস ০*; লাকমল ০/৪৫, এরাঙ্গা ৩/৫৮, প্রদিপ ৩/৩৭, হেরাথ ০/৬৩, ম্যাথিউস ১/২০)।
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ১২ ওভারে ৩২/০ (করুনারত্নে ১৯*, সিলভা ১২*; ব্রড ০/১৫, অ্যান্ডারসন ০/৫, ওকস ০/৭, মঈন ০/৪)
