গণ্ডগোলে বিকেএসপিতে আবাহনী-দোলেশ্বর ম্যাচ স্থগিত
আবাহনীর সমর্থকদের তুমুল গালিগালাজের মুখে আম্পায়ারদের মাঠ ছেড়ে যাওয়া, পরে ডাকওয়ার্থ-লুইসে নির্ধারিত লক্ষ্যে প্রাইম দোলেশ্বরের খেলতে অস্বীকৃতি- গণ্ডগোলে স্থগিত হয়ে গেছে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ।
বিকেএসপিতে রোববার বৃষ্টিতে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে আবাহনীকে ১৯১ রানে বেঁধে ফেলে দোলেশ্বর। গণ্ডগোলের সূত্রপাত দোলেশ্বর ইনিংসের ষোড়শ ওভারে। সাকলাইন সজিবের বলে ব্যাট করছিলেন রকিবুল হাসান। তার বিপক্ষে স্টাম্পিংয়ের জোড়ালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার গাজী সোহেল।
আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদমুখর হয়ে ওঠেন আবাহনীর ক্রিকেটাররা। তামিম ইকবালকে দেখা গেছে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখাতে। সবচেয়ে উত্তেজিত হয়ে ওঠেন আবাহনী অধিনায়ক। আম্পায়ারদের সঙ্গে এ সময় তুমুল বচসা হয় তার।
পরে খেলা শুরু হলেও আবাহনীর ক্রিকেটারদের শরীরী ভাষা বদলায়নি। মাঠের বাইরে থেকে যোগ দেয় আবাহনীর সমর্থকেরাও। প্রচণ্ড গালিগালাজ ও হুমকি-ধামকি দিতে থাকেন তারা।
১৭ ওভার শেষে রিজার্ভ আম্পায়ারকে নিয়ে মাঠে ঢোকেন ম্যাচ রেফারি মন্টু দত্ত। তার সঙ্গে কথা বলে মাঠ ছেড়ে আসেন আস্পায়াররা। বন্ধ হয়ে যায় খেলা। দোলেশ্বরের রান তখন ২ উইকেটে ৫৯।
পরে নিজেরা আলোচনা করে আবার মাঠে নামেন আম্পায়াররা। ডাকওয়ার্থ-লুইসে নতুন লক্ষ্য নির্ধারিত হয় দোলেশ্বরের জন্য। কিন্তু যেখানে নিজেদের দায় নেই, প্রাকৃতিক কোনো দুযোর্গ হয়নি এবং রিজার্ভ ডে আছে, এই অবস্থায় ডাকওয়ার্থ-লুইসে খেলতে রাজি হয়নি দোলেশ্বর।
পরে আর খেলা শুরু হয়নি। ম্যাচ রেফারি মন্টু দত্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “আপাতত এটি আমাদের আওতার বাইরে। এই ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেবে সিসিডিএম।”
দোলেশ্বর কোচ মিজানুর রহমান যুক্তি দেখিয়েছেন নিজেদের সিদ্ধান্তের পক্ষে।
“আমরা কেন ডাকওয়ার্থ-লুইস মানব? আমাদের ক্লাব কর্তারাও এটি মানছেন না। আমাদের কারণে তো ম্যাচ বন্ধ হয়নি! যা হলো সেটি খুবই দু:খজনক।
আবাহনী কোচ খালেদ মাহমুদ এই পরিস্থিতির দায় দিয়েছেন আম্পায়ারদেরই।
“ম্যাচে আম্পায়ারদের জন্য এমন কোনো হুমকি বা পরিস্থিতির সৃষ্টি হয়নি যে মাঠ ছাড়তে হবে। আম্পায়াররা আরও ভালোভাবে সামলাতে পারতেন পরিস্থিতি।”
দোলেশ্বরের না খেলার সিদ্ধান্ত নিয়েও আপত্তি নেই আবাহনী কোচের।
“ডাকওয়ার্থ-লুইসে ওদের জন্য টার্গেট একটু কঠিন হয়ে যাবে। এমন কোনো পরিস্থিতিও হয়নি। ওদের খেলতে না চাওয়াটা খুবই স্বাভাবিক।”
