২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাহুলের রেকর্ড গড়া ম্যাচে ভারতের জয়

সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ে সিরিজ ভারতের জন্য পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্র। এবারও তার ব্যতিক্রম নয়। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলের তিন জনের অভিষেক হল প্রথম ম্যাচে। তাদেরই একজন লোকেশ রাহুল দলকে জয় এনে দেওয়ার পথে করে ফেললেন রেকর্ড, ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে শতক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 08:48 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

তিন ম্যাচের সিরিজে ভারতেকে এগিয়ে নেওয়া জয়টি ৯ উইকেটে। আগামী সোমবার হবে দ্বিতীয় ওয়ানডে।

শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে ১৬৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ৪২ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় রাহুল ও করুন নায়ারের। ১৯৭৬ সালের পর এই প্রথম কোনো ম্যাচে ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যানের অভিষেক হলো। তাদের সঙ্গে এই ম্যাচ দিয়েই জাতীয় দলের হয়ে খেলা শুরু করেন উজবেন্দ্র চাহাল। এই লেগ স্পিনার ১০ ওভার বল করে ২৭ রানে নেন এক উইকেট।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি ভারতের। আন্তর্জাতিক অভিষেক স্মরণীয় করে রাখতে পারেননি করুন নায়ার। স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে শেষ হয় তার ইনিংস।

দেশের হয়ে পাঁচটি টেস্ট খেলা রাহুল ছিলেন সাবলীল। তবে তিন নম্বরে নামা আম্বাতি রাইডুকে শুরুতে অনেক সংগ্রাম করতে হয়েছে। অনেকবারই অল্পের জন্য বল তার ব্যাটের কানা নেয়নি। শুরুর অস্বস্তি কাটিয়ে পরে ভালোই সঙ্গ দেন রাহুলকে।

রাইডু অপরাজিত থাকেন ৬২ রানে। এই রান করার পথে ওয়ানডেতে হাজার রানে পৌঁছান তিনি। নিজের রান চার অঙ্কে নিতে অধিনায়ক ধোনির মতো তারও লেগেছে ২৯ ইনিংস।

২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৬ রান করেছিলেন রবিন উথাপ্পা। অভিষেকে ভারতীয় কোনো ব্যাটসম্যানের এটাই ছিল সর্বোচ্চ। সেই রান ছাড়িয়ে রাহুল দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে করেন শতক। ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেওয়ার সঙ্গে শতরানে পৌঁছানো এই ডানহাতি ব্যাটসম্যান অপরাজিত থাকেন ১০০ রানে। তার ১১৫ বলের ইনিংসটি ৭টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ। চমৎকার এই ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই।

অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ১৬২ রানের জুটি গড়েন রাহুল-রাইডু।

এর আগে ঘরের মাঠে খেলার সুবিধা নিতে পারেনি জিম্বাবুয়ে। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লড়াইয়ের পুঁজি গড়তে পারেনি দলটি।

হারারেতে বরাবরই সুবিধা পেয়ে থাকেন বোলাররা, এদিনও তার ব্যতিক্রম ছিল না। ভারতের অনভিজ্ঞ বোলিং লাইনআপও সহায়ক কন্ডিশন পেয়ে চেপে ধরে স্বাগতিকদের।

নিয়মিত বোলারদের অনুপস্থিতে দলকে পথ দেখিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ২৮ রানে চার উইকেট নিয়ে প্রতিপক্ষকে দুইশ’ রানের নিচে বেধে রাখার কাজটা করেছেন তিনিই।

উইকেট ধরে রাখতে গিয়ে শট খেলেনি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। প্রথম ১০ ওভারে তারা খেলে ৪৬টি ডট বল। পরে শট খেলতে উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে। চামু চিবাবা, নেতৃত্ব হারানো হ্যামিল্টন মাসাকাদজা, ক্রেইগ আরভিনদের ব্যর্থতায় এক সময়ে শতরান করা নিয়ে শঙ্কায় পড়ে জিম্বাবুয়ে।

২৩ ওভারে ৭৭ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারানো জিম্বাবুয়ে দেড়শ’ রানে পৌঁছায় এল্টন চিগুম্বুরার দৃঢ়তায়। শেষ ওভারে ফেরার আগে ৬৫ বলে ৪১ রান করেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ৪৯.৫ ওভারে ১৬৮ (মুর ৩, চিবাবা ১৩, মাসাকাদজা ১৪, আরভিন ২১, সিবান্দা ৫, রাজা ২৩, চিগুম্বুরা ৪১, মুতুমবামি ১৫, ক্রেমার ৮, চাটারা ৪, মুজারাবানি ১*; বুমরাহ ৪/২৮, কুলকার্নি ২/৪২, স্র্যান ২/৪২, অক্ষর ১/২৬, চাহাল ১/২৭)

ভারত: ৪২.৩ ওভারে ১৭৩/১ (রাহুল ১০০*, নায়ার ৭, রাইডু ৬২*; চাটারা ১/২০)

ফল: ভারত ৯ উকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: লোকেশ রাহুল।