লঙ্কানদের ভোগালেন সেই বেয়ারস্টো
সুরাঙ্গা লাকমলের বলে বাউন্সারে ব্যাটসম্যানের হুক। গ্যালারিতে তুমুল হুল্লোড়। তা থেমেও গেল মুহূর্তেই। প্রয়োজন ছিল দুই রান, ওই শটে হলো মাত্র এক! তবে প্রতীক্ষার অবসান খানিক পরই। রঙ্গনা হেরাথকে স্কয়ার লেগে ঠেলে একটি রানে স্পর্শ তিন অঙ্ক। জনি বেয়ারস্টোর আরেকটি সেঞ্চুরি! ধারাভাষ্যকক্ষে মাইক আথারটন বললেন, “জীবনের সেরা ফর্মে জনি!”
আসলেই তা-ই। এবারের ইংলিশ গ্রীষ্মকে যেন স্মরণীয় করে রাখার প্রতিজ্ঞা করেছেন বেয়ারস্টো। শ্রীলঙ্কা সিরিজে উইকেটের সামনে-পেছনে অসাধারণ পারফরম্যান্স। আগের দুই টেস্টে কিপিং গ্লাভস হাতে নিয়েছেন ১৬টি ক্যাচ। প্রথম টেস্টে দূরূহ উইকেটে দলের বিপর্যয়ে নেমে করেছিলেন অসাধারণ এক সেঞ্চুরি। এবার আরেকটি দারুণ সেঞ্চুরিতে আবারও উদ্ধার করলেন ইংল্যান্ডকে।
সেঞ্চুরি করেই হাল ছাড়েননি। দিন শেষে অপরাজিত ১০৭ রানে। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের রান ৬ উইকেটে ২৭৯।
এবছর এটি বেয়ারস্টোর তৃতীয় টেস্ট সেঞ্চুরি। তবে উদযাপনে আবেগের ছোঁয়াই বলে দিচ্ছিল, এই সেঞ্চুরিটি বিশেষ কিছু। নাম লেখালেন যে ক্রিকেট তীর্থ লর্ডসের বিখ্যাত অনার্স বোর্ডে!
প্রথম টেস্টে বেয়ারস্টো সেঞ্চুরি করেছিলেন দল ৮৩ রানে ৫ উইকেট হারানোর পর নেমে। বৃহস্পতিবার যখন উইকেটে গেলেন, ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৮৪। লর্ডসের উইকেট মনে হয়েছে ব্যাটিং বান্ধবই। কিন্তু লঙ্কানদের দারুণ বোলিংয়ের সঙ্গে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিপাকে পড়ে যায় ইংলিশরা।
আগের টেস্টে সবচেয়ে কম বয়সে ১০ হাজার রানের রেকর্ড গড়েছিলেন কুক। লর্ডস টেস্ট শুরুর আগে ইসিবি তাদের সোনার ছেলেকে সম্মাননা জানাল রূপার ব্যাট উপহার দিয়ে।
অনুপ্রাণিত কুক খেলছিলেন দারুণ। কিন্তু ২৯তম টেস্ট সেঞ্চুরির কাছে গিয়েও পারলেন না। নুয়ান প্রদিপের রাউন্ড দা উইকেট করা বলে লাইন মিস করে এলবিডব্লিউ ৮৫ রানে।
বেয়ারস্টো হাল ছাড়েননি। ১১ রানে অবশ্য জীবন পেয়েছিলেন শামিন্দা এরাঙ্গাকে ক্যাচ দিয়েও। ৫৬ রানে বেঁচে গেছেন ভাগ্যের ছোঁয়ায়, লঙ্কানদের রিভিউ আবেদনে তৃতীয় আম্পায়ার সাড়া না দেওয়ায় অবাক হয়েছে অনেকেই। এরাঙ্গার বল লাগছিল লেগ স্টাম্পের মাঝামাঝিই।
ফর্মে থাকা বেয়ারস্টো কাজে লাগিয়েছেন সুযোগ। ষষ্ঠ উইকেটে মঈন আলিকে (২৭) নিয়ে জুটি ৬৩ রানের। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে আরেকটি অর্ধশত (৫২*) রানের জুটি ক্রিস ওকসকে নিয়ে।
শেষের আগের ওভারে ছুঁয়েছেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি। বেয়ারস্টোকে ফেরাতে না পারলে দ্বিতীয় দিনেও লঙ্কানদের অপেক্ষায় হয়ত ভোগান্তি!
সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে)
ইংল্যান্ড ১ম ইনিংস: ৯০ ওভারে ২৭৯/৬(কুক ৮৫, হেলস ১৮, কম্পটন ১, রুট ৩, ভিন্স ১০, বেয়ারস্টো ১০৭*, মঈন ২৫, ওকস ২৩*; এরাঙ্গা ০/৬৩, লাকমল ২/৬৬, প্রদিপ ২/৭৯, ম্যাথিউস ০/১৯, হেরাথ ২/৪৫)।
