২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিংয়ে শামসুর, বোলিংয়ে চতুরঙ্গ

গ্রুপ পর্বের শেষ দিন দুই বার বদল হয়েছে রান সংগ্রাহকদের শীর্ষ স্থান। দারুণ এক শতকে ইমতিয়াজ হোসেনকে পেছনে ফেলে কিছুক্ষণের জন্য সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আব্দুল মজিদ। সেই ম্যাচেই লক্ষ্য তাড়ায় তাকে পেছনে ফেলেন শামসুর রহমান। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 10:09 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ দুই ম্যাচে কোনো উইকেট পাননি চতুরঙ্গ ডি সিলভা। তবে সর্বোচ্চ উইকেটে শিকারীর আসন ঠিকই ধরে রেখেছেন তিনি। ভিক্টোরিয়া সতীর্থ কামরুল হাসান রাব্বি সামনে সুযোগ ছিল তাকে ছাড়িয়ে যাওয়ার। কিন্তু পারেননি এই ডানহাতি পেসার, ১ উইকেট নিয়ে মাশরাফি বিন মুর্তজার পাশে বসেছেন তিনি।

৭ ম্যাচে ৪১৯ রান করে দেশে ফিরে যাওয়ার সময় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। কলাবাগান ক্রীড়া চক্রের এই ব্যাটসম্যানকে পেছনে ফেলা ইমতিয়াজ দীর্ঘ সময় সেরার আসনে ছিলেন।

প্রাইম দোলেশ্বরের উদ্বোধনী ব্যাটসম্যান ইমতিয়াজের সংগ্রহ ৫২৬ রান। ৫২.৬০ গড়ে এই রান করতে দুটি শতক ও তিনটি অর্ধশতক করেন তিনি, সর্বোচ্চ অপরাজিত ১০০। এর মধ্যে শূন্য রানে তিনি আউট হয়েছেন তিন বার!

টানা দুই শতকে ইমতিয়াজকে ছাড়িয়ে যান তরুণ মজিদ। ৪৮.৯০ গড়ে ৫৩৮ রান করেছেন এই ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। সর্বোচ্চ ১১৮, যা তার ক্যারিয়ার সেরা। তিনটি অর্ধশতকও এসেছে তার ব্যাট থেকে।

মজিদের ভিক্টোরিয়ার বিপক্ষেই ৪২ রানের ইনিংস খেলে তাকে পেছনে ফেলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের শামসুর। একটি শতক ও চারটি অর্ধশতকসহ ৫৫৮ রান করেন জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা এই উদ্বোধনী ব্যাটসম্যান। তার সেরা ১৩৬।

পাঁচশর বেশি রান করেছেন ভিক্টোরিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান আল আমিন জুনিয়রও। নিজেকে মেলে ধরার এই লিগে তার ব্যাট থেকে এসেছে একটি শতক ও পাঁচটি অর্ধশতক।

চার নম্বরে থাকা আল আমিন ৫৫.৭৭ গড়ে করেন ৫০২, সর্বোচ্চ ১০২। অফ স্পিনে ১৪ উইকেটও নিয়েছেন এই তরুণ।

অলরাউন্ড পারফরম্যান্সে অবশ্য তাকে ছাড়িয়ে গেছেন শেখ জামালের অধিনায়ক মাহমুদউল্লাহ। ৪৯৭ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় পাঁচ নম্বরে আছেন এই আইকন খেলোয়াড়। দুটি শতকসহ ৪৯.৭০ করে রান এসেছে তার ব্যাট থেকে।

সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় চার নম্বরে আছেন মাহমুদউল্লাহ। অফ স্পিনে ১৯.০৪ গড়ে ২১ উইকেট নিয়েছেন তিনি, সেরা ৫/৬৬। তবে তার এই অধিনায়কোচিত পারফরম্যান্সের পরও দল সুপার সিক্সে জায়গা করে নিতে পারেনি।

মাহমুদউল্লাহর পরেই আছেন আরেক অফ স্পিন অলরাউন্ডার নাঈম ইসলাম। ২২.১৫ গড়ে নিয়েছেন তিনি নিয়েছেন ২০ উইকেট, সেরা ৪/২১। মোহাডোনের সুপার সিক্সে যাওয়ায় ব্যাটে-বলে অবদান রেখেছেন তিনি।

শেষ দুই ম্যাচে উইকেটশূন্য চতুরঙ্গা নিয়েছেন ১৯.৯৫ গড়ে ২৩ উইকেট। শ্রীলঙ্কার এই বাঁহাতি স্পিনারের সেরা ৬/৩৫। গ্রুপ পর্ব শেষে ভিক্টোরিয়ার শীর্ষে থাকায় বড় অবদান রয়েছে তার।

দল গঠনের সময় ক্লাবগুলো আগ্রহ দেখায়নি মাশরাফিকে নিয়ে। পারফরম্যান্সেই সেই উপেক্ষার জবাব দিয়েছেন তিনি। ২০.২২ গড়ে নিয়েছেন ২২ উইকেট। সেরা ৬/৪২। তার অসাধরণ নেতৃত্বে লিগের শেষ দিকে ঘুরিয়ে দাঁড়িয়ে সুপার সিক্সে খেলার আশা জাগায় কলাবাগান ক্রীড়া চক্র। কিন্তু ‘হেড টু হেডে’ পিছিয়ে শেষ ছয়ে থাকা হয়নি তাদের।

তিন নম্বরে আছেন আরেক পেসার কামরুল ইসলাম রাব্বি। মাশরাফির সমান ২২ উইকেট নিয়েছেন তিনি। তার সেরা ৪/৩৮।

প্রথম রাউন্ড শেষে পাঁচ সর্বোচ্চ রান সংগ্রাহক:

নাম/দল

ইনিংস

রান

সর্বোচ্চ

গড়

শতক/অর্ধশতক

শামসুর রহমান, গাজী

১১

৫৫৮

১৩৬

৫৫.৮০

১/৪

আব্দুল মজিদ, ভিক্টোরিয়া

১১

৫৩৮

১১৮

৪৮.৯০

২/৩

ইমতিয়াজ হোসেন, দোলেশ্বর

১১

৫২৬

১০০*

৫২.৬০

২/৩

আল আমিন জুনিয়র, ভিক্টোরিয়া

১১

৫০২

১০২

৫৫.৭৭

১/৫

মাহমুদউল্লাহ, শেখ জামাল

১১

৪৯৭

১৩০

৪৯.৭০

২/০

প্রথম রাউন্ড শেষে পাঁচ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক:

নাম/দল

ইনিংস

উইকেট

সেরা

গড়

ইকোনমি

চতুরঙ্গ ডি সিলভা, ভিক্টোরিয়া

১১

২৩

৬/৩৫

১৯.৯৫

৪.৮১

মাশরাফি বিন মুর্তজা, কলাবাগান

১১

২২

৬/৪২

২০.২২

৪.৮৩

কামরুল ইসলাম রাব্বি, ভিক্টোরিয়া

১১

২২

৪/৩৮

২২.৮১

৫.২৫

মাহমুদউল্লাহ, শেখ জামাল

১০

২১

৫/৬৬

১৯.০৪

৫.৩৮

নাঈম ইসলাম, মোহামেডান

১১

২০

৪/২১

২২.১৫

৫.০৪