২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডে নদীতে পড়ে তরুণ ক্রিকেটারের মৃত্যু

মাত্রই ক্যারিয়ার শুরু করেছিলেন হামজা আলি। নিশ্চয়ই চোখে ছিল অবারিত স্বপ্ন। সব শেষ হয়ে গেল একটি দুর্ঘটনায়। নদীতে পড়ে মারা গেছেন তরুণ এই ইংলিশ ক্রিকেটার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 09:14 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

দা ব্রিস্টল পোস্ট জানিয়েছে, বুধবার বিকেল পাঁচটার দিকে অ্যাভন নদীতে পড়ে যান হামজা। উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান ২০ বছর বয়সী এই ক্রিকেটার।

গত এপ্রিলে হ্যাম্পশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল এই মিডিয়াম ফাস্ট বোলারের। কার্ডিফ মেরিলিবোন ক্রিকেট ক্লাব ইউনিভার্সিটির বিপক্ষে নিয়েছিলেন দুটি উইকেট। হ্যাম্পশায়ারের দ্বিতীয় একাদশে ছিলেন মোটামুটি নিয়মিত নাম।

এমসিসির ইয়াং ক্রিকেটার্স প্রকল্পে হামজার নামই সুপারিশ করেছিল হ্যাম্পশায়ার। এমসিসি ইয়াং ক্রিকেটার্সের হয়ে খেলেছিলেন বেশ কটি ট্রায়াল ম্যাচ।

অকাল প্রয়াত ক্রিকেটারের স্মরণে বৃহস্পতিবার ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের ম্যাচে হাতে কালো ফিতা বেঁধে মাঠে নামবে হ্যাম্পশায়ার দল।