২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মজিদের শতক, আল আমিনের ৫ উইকেট

ভাগ্যটা নিজেদের হাতেই ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের। সুপার সিক্সে যেতে ভিক্টোরিয়াকে হারালেই চলত তাদের। কিন্তু দুই তরুণের কাছে হেরে বিদায় নিতে হল অলক কাপালীদের। ভিক্টোরিয়াকে শীর্ষে নিতে শতক করেছেন আব্দুল মজিদ, পাঁচ উইকেটে নিয়েছেন আল আমিন জুনিয়র।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 07:20 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

১৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠা ভিক্টোরিয়ার জয় ২৮ রানের।

বৃষ্টির দাপটে ভিক্টোরিয়া-গাজীর ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। বৃহস্পতিবারও পুরো ৫০ ওভার খেলা সম্ভব হয়নি। বৃষ্টির জন্য খেলা শুরু হয় বেলা সোয়া ১২টায়, ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৩ ওভারে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১৯ রান করে ভিক্টোরিয়া। জবাবে ৩০ ওভার ১ বলে ১৯১ রানে অলআউট হয়ে যায় গাজী।

লক্ষ্য তাড়ায় শুরুতেই এনামুল হক ও মেহেদি হাসানকে হারায় গাজী। তবে তার কোনো প্রভাব পড়তে দেননি শামসুর রহমান ও পুনিত বিসত। তৃতীয় উইকেটে এই দুই জনের ৯৫ রানের জুটি কক্ষপথে রাখে দলকে। এই দুই জন ছাড়া আর কেউ ভালো করতে না পারায় হার এড়াতে পারেনি গাজী।

শামসুরকে ফিরিয়ে গাজীর প্রতিরোধ ভাঙেন সোহরাওয়ার্দী শুভ। এরপর প্রতিপক্ষকে চেপে ধরেন আল আমিন। গাজীর ভারতীয় ক্রিকেটার পুনিত এক প্রান্তে অবিচল ছিলেন। কিন্তু অফ স্পিনে দ্রুত ফারুক হোসেন, কাপালী ও মোহাম্মদ শরীফকে বিদায় করে তার কাজটা অনেক কঠিন করেন তুলেন আল আমিন।

গাজীর আশা হয়ে টিকে থাকা পুনিতকেও (৭৯) ফেরান আল আমিন। সব মিলিয়ে ২৭ রানে ৫ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ারে এই প্রথম পেলেন পাঁচ উইকেট। 

এর আগে শুরুতেই ফজলে মাহমুদকে হারানো ভিক্টোরিয়া প্রতিরোধ গড়ে মজিদ ও মুমিনুল হকের ব্যাটে। তাদের ১২২ রানের জুটিতে বাঁহাতি মুমিনুলের অবদান ৭৩ রান। তার ৬৬ বলের আক্রমণাত্মক ইনিংস গড়া ১০টি চারে।

তৃতীয় উইকেটে আল আমিনের সঙ্গে ৬৬ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন টানা দ্বিতীয় শতক পাওয়া মজিদ। শরীফের বলে বোল্ড হয়ে শেষ হয় ৯২ বলে খেলা মজিদের ১০০ রানের ইনিংস। তার তৃতীয় লিস্ট ‘এ’ শতক গড়া ৮টি চার ও দুটি ছক্কায়।

শেষের দিকে দ্রুত উইকেট হারানোয় সংগ্রহ আরও বড় হয়নি ভিক্টোরিয়ার। তবে আল আমিন-মাহমবুবুলের দারুণ বোলিংয়ে জয় পেতে কোনো সমস্যা হয়নি।

২২ বলে ২৪ রানের কার্যকর ইনিংস খেলার পর ৫ উইকেট, শতক করা মজিদকে ছাপিয়ে ম্যাচ সেরার পুরস্কার এনে দেয় আল আমিন জুনিয়রকে। 

সংক্ষিপ্ত স্কোর:

ভিক্টোরিয়া: ৩৩ ওভারে ২১৯/৭ (মজিদ ১০০, মাহমুদ ২, মুমিনুল ৭৩, আল আমিন জুনিয়র ২৪, চতুরঙ্গা ৭, ধীমান ১, মাহবুবুল ১, এনামুল ৭*, নাদিফ ০*; শরীফ ৩/১৯, দেলোয়ার ২/৩৬, শামসুর ১/১৯)

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩০.১ ওভারে ১৯১ (শামসুর ৪২, এনামুল ১, মেহেদি ০, পুনিত ৮৬, ফারুক ০, কাপালী ৩, শরীফ ১০, ইলিয়াস ১৯, মুস্তাকিম ১০, দেলোয়ার ১, মইনুল ০*; আল আমিন জুনিয়র ৫/২৭, মাহবুবুল ৩/৩৭, রাব্বি ১/২৫, সোহরাওয়ার্দী ১/৪৪)

ফল: ভিক্টোরিয়া ২৮ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: আল আমিন জুনিয়র।