২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোটো স্কোরেও ডি ভিলিয়ার্সদের বড় জয়

মন্থর উইকেটেও আগুন ঝরালো পেসাররা; জ্বলে উঠল স্পিন ত্রয়ী। দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে ত্রিদেশীয় সিরিজে প্রথম জয়ের দেখা পেল দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 11:53 AM

Updated : 12 Apr 2022, 02:13 AM

প্রথম ম্যাচের ১৮৮ রানের চেয়ে মাত্র ১ রান বেশি করেছিল দক্ষিণ আফ্রিকা। সেদিন হারতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। কিন্তু অসাধারণ বোলিংয়ে মঙ্গলবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে এবি ডি ভিলিয়ার্সের দল জিতল বোনাস পয়েন্টসহ।

ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে গায়ানায় ৪৭ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ১৯০ রান তাড়ায় স্টিভেন স্মিথের দল গুটিয়ে যায় ১৪২ রানে।

অথচ একটা সময় ম্যাচ ছিল পুরোপুরি অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে। বিপজ্জনক হতে থাকা কুইন্টন ডি কককে (১৮) ফিরিয়েছিলেন জস হেইজেলউড। রাইলি রুশোকে থিতু হতে দেননি নাথন লায়ন। স্টিভেন স্মিথের অসাধারণ ফিল্ডিংয়ে রান আউট হাশিম আমলা (৩৫)। আর মিচেল স্টার্কের বিশ্রামে সুযোগ পাওয়া নাথান-কোল্টার নাইলের বলে বাতাসে ডিগবাজি খায় ডি ভিলিয়ার্স-দুমিনির স্টাম্প। ১১২ রানে দক্ষিণ আফ্রিকা হারায় ৬ উইকেট।

সেখান থেকে বেহারডিনের লড়াই। লোয়ার অর্ডারদের নিয়ে লড়াই করে এই ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যান ১৮৯ রান পর্যন্ত। ইনিংসের শেষ ৩৬ ওভারে বেহারডিন ছাড়া বাউন্ডারি মারতে পারেননি দক্ষিণ আফ্রিকার আর কোনো ব্যাটসম্যান। ৮২ বলে তিনি করেন ৬২।

প্রভিডেন্সের উইকেট যথারীতি উদার ছিল স্পিনারদের জন্য। তবে আগের মত অতটা ভাল বোলিং করতে পারেননি লায়ন ও অ্যাডাম জ্যামপা। অসাধার বোলিং করেছেন হেইজেলউড, ১০ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

এই পুঁজিকেও জয়ের মত রান বানিয়ে ফেলে প্রোটিয়ারা দুর্দান্ত বোলিং প্রদর্শনীতে। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর প্রথমবার তিনজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে একাদশ সাজায় তারা। তবে স্পিন আক্রমণে আসার আগেই অস্ট্রেলিয়ান টপ অর্ডারে আঘাত হানেন দুই পেসার।

গত বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে খেলতে নেমে ওয়েইন পার্নেল ফিরিয়ে দেন ডেভিড ওয়ার্নারকে। কাগিসো রাবাদার গতিতে হার মানেন উসমান খাওয়াজা। পার্নেল পরে তুলে নেন স্মিথের কাঙ্ক্ষিত উইকেটও।

লড়াইটা এরপর হয়ে দাঁড়ায় প্রোটিয়া বোলারদের সঙ্গে অ্যারন ফিঞ্চের। যে উইকেটে দিশা পাচ্ছিল না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা, সেখানেই দুর্দান্ত ব্যাট করেছেন ফিঞ্চ। দারুণ টাইমিংয়ে ছক্কা মারেন পার্নেল-ফাঙ্গিসোকে।

তবে আরেক পাশে উইকেট পড়ে নিয়মিত। অভিষিক্ত চায়নাম্যান বোলার তাবরাইজ শামসি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওভারেই নেন গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট। ৯০ রানে অস্ট্রেলিয়া হারায় ৮ উইকেট।

অস্ট্রেলিয়ার আশা হয়ে থাকা ফিঞ্চ শেষ পর্যন্ত এক্সট্রা কাভারে ডি ভিলিয়ার্সের ক্যাচ হয়েছেন ফাঙ্গিসোর বাঁহাতি স্পিনে। দশে নেমে খানিকটা লড়াই করা লায়নও শিকার ফাঙ্গিসোর।

১০৩ বলে ৭২ করেছেন ফিঞ্চ, ৩১ বলে ৩০ লায়ন। অতিরিক্ত এবং অস্ট্রেলিয়ার বাকি ৯ ব্যাটসম্যান মিলে রান ৪০! বিশ্ব চ্যাম্পিয়নরা খেলতে পারেনি ৩৫ ওভারও।

স্পিনবান্ধব উইকেটেও প্রোটিয়াদের উজ্জ্বলতম ছিলেন রাবাদা। তরুণ ফাস্ট বোলার ৭ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ৩ উইকেট।

বোলারদের দিনেও অবশ্য ম্যাচ সেরা একজন ব্যাটসম্যান; দক্ষিণ আফ্রিকাকে উদ্ধার করা ইনিংসটির জন্য বেহারডিন।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ১৮৯/৯ (আমলা ৩৫, ডি কক ১৮, রুশো ৭, ডি ভিলিয়ার্স ২২, দুমিনি ১৩, বেহারডিন ৬২, পার্নেল ২, ফাঙ্গিসো ৯, রাবাদা ১৫*, তাহির ০, শামসি ০*; হেইজেলউড ২/২০, কোল্টার-নাইল ২/৩৮, লায়ন ১/৪০, জ্যামপা ১/৪৬, মার্শ ০/১৮, ফিঞ্চ ০/১১, ম্যাক্সওয়েল ২/১৫)।

অস্ট্রেলিয়া: ৩৪.২ ওভারে ১৪২ (ওয়ার্নার ১, ফিঞ্চ ৭২, খাওয়াজা ২, স্মিথ ৮, ম্যাক্সওয়েল ৩, মার্শ ৮, ওয়েড ২, কোল্টার-নাইল ০, জ্যামপা ০, লায়ন ৩০, হেইজেলউড ১১*; রাবাদা ৩/১৩, পার্নেল ২/২৩, তাহির ২/৩৯, ফাঙ্গিসো ২/২৬, শামসি ১/৩৬)

ফল: দক্ষিণ আফ্রিকা ৪৭ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ফারহান বেহারডিন।