রেকর্ড জুটিতে ভাস্বর লাম্ব-ওয়েসেলস
রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে নটিংহ্যামশায়ারের প্রথম ম্যাচ। নর্দাম্পটনশায়ারের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামলেন দুই ওপেনার মাইকেল লাম্ব ও রিকি ওয়েসেলস। জুটি ভাঙল ৩৯.২ ওভারে। ততক্ষণে লণ্ডভণ্ড প্রতিপক্ষের বোলিং আক্রমণ, ওলট-পালট রেকর্ড বই!
সোমবার ট্রেন্টব্রিজে ৩৪২ রানের উদ্বোধনী জুটি গড়েছেন লাম্ব ও ওয়েসেলস। ইংল্যান্ডের মাটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে যে কোনো উইকেটে এটি সবচেয়ে বড় জুটি।
১৯৯৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়ের ৩১৮ রানের জুটি ছিল ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চ।
লাম্ব-ওয়েসেলস দুজনই খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। স্টিভেন ক্রুকের বলে ওয়েসেলস আউট হলে ভাঙে এই জুটি। ১৪ চার ও ৮ ছক্কায় মাত্র ৯৭ বলে ১৪৬ করেছেন বিপিএলের দ্বিতীয় আসরে খুলনার হয়ে খেলে যাওয়া ওয়েসেলস।
লাম্ব আউট হয়েছেন খানিক পরই। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাঁহাতি এই ব্যাটসম্যানের আগের সর্বোচ্চ ছিল ১১০। এই ম্যাচে করেছেন ১৫০ বলে ১৮৪! ২১ টি চারের পাশে মেরেছেন ৬টি ছক্কা।
লিস্ট ‘এ’ ক্রিকেটে উদ্বোধনী জুটির বিশ্বরেকর্ড অবশ্য ভাঙতে পারেননি দুজন। রেকর্ডটা মরনে ফন উইক ও ক্যামেরন দেলপোর্তের। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় ডলফিনের হয়ে পুরো ৫০ ওভার খেলেও আউট হননি দুই ওপেনারের কেউ। অবিচ্ছিন্ন জুটি ছিল ৩৬৭ রানের। ১৭৫ করেছিলেন ফন উইক, ১৬৯ দেলপোর্ত।
লাম্ব-ওয়েসেলসের সৌজন্যে দলীয় রেকর্ডেও শুরুর দিকে জায়গা করে নিয়েছে নটিংহ্যামশায়ার। ৫০ ওভারে তারা তুলেছে ৮ উইকেটে ৪৪৫, লিস্ট ‘এ’ ক্রিকেটে যা পুরো বিশ্বেই দ্বিতীয় সর্বোচ্চ।
দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডও হয়েছিল ইংল্যান্ডেই। ২০০৭ সালে গ্লস্টারশায়ারের বিপক্ষে ওভারে ৫০ ওভারে ৪ উইকেটে ৪৯৬ রান তুলেছিল সারে।
জবাবে নর্দাম্পটনশায়ারও আরেকটি বড় ইনিংস গড়ায় লিস্ট এ ক্রিকেটে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান দেখল ক্রিকেট বিশ্ব। নটিংহ্যামশায়ারের ৪৪৫ রানের জবাবে নর্দাম্পটনশায়ার ১০ বল বাকি থাকতে ৪২৫ করে অলআউট হয়ে যায়। দুই ইনিংস মিলে ম্যাচে মোট রান হয় ৮৭০, আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে অবশ্য এটাই সর্বোচ্চ রানের ইনিংস।
লিস্ট এ ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ডটি হলো ৮৭২; ২০০৬ সালে ওয়ান্ডারার্সে অস্ট্রেলিয়া (৪৩৪) ও দক্ষিণ আফ্রিকার (৪৩৮) মধ্যে রোমাঞ্চকর ওয়ানডেতে রেকর্ডটি হয়েছিল।
