প্রাইম ব্যাংকের আশা জিইয়ে রাখলেন সাব্বির-চাঁদ
জয়ের ভিত্তি গড়ে দিলেন বোলাররা। কিন্তু কাজ একটু কঠিন করে দিল বৃষ্টি। রান তাড়ার শুরুতেও হোঁচট। শেষ পর্যন্ত ‘আইকন’ সাব্বির রহমান ও ভারতীয় ব্যাটসম্যান উন্মুক্ত চাঁদের ব্যাটে দারুণ জয়। শীর্ষে থাকা প্রাইম দোলেশ্বরকে ৭ উইকেটে হারিয়ে সুপার লিগের আশা জিইয়ে রাখল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
ফতুল্লায় ফর্মে থাকা দোলেশ্বরকে ১৮৮ রানেই বেধে ফেলে প্রাইম ব্যাংক। রান তাড়ায় বৃষ্টি বাধায় ওভার কমে যায় ১৪টি, লক্ষ্য কমে ২৪ রান। সাব্বির ও চাঁদের জুটিতে ৩৬ ওভারে ১৬৫ রানের লক্ষ্যটা ২৭ বল আগেই ছুঁয়ে ফেলে প্রাইম ব্যাংক।
ওপেনার রবিউল ইসলাম রবিকে প্রথম ওভারেই হারিয়ে শুরু করেছিল দোলেশ্বর। ইমতিয়াজ হোসেন ও রকিবুল হাসান দ্বিতীয় উইকেটে যোগ করেন ৫০ রান। দুজনই আউট হয়েছে বড় স্কোরের সম্ভাবনা জাগিয়ে। আর কোনো বড় জুটি পায়নি দোলেশ্বর।
রকিবুল (৪৪) ও নাসির হোসেনকে (১১) ফিরিয়ে দোলেশ্বরে মেরুদণ্ড ভেঙে দেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার মনির হোসেন। পুরোনো বলে দারুণ বোলিং করেছেন পেসার মোহাম্মদ আজিম।
সাতে নেমে পাল্টা আক্রমণের চেষ্টা করেছিলেন রনি তালুকদার (৩৬ বলে ৩৩)। তাকে ফিরিয়েছেন প্রাইম ব্যাংক অধিনায়ক শুভাগত হোম। শেষ উইকেট জুটির ২১ রানে ১৮৮ পর্যন্ত যেতে পারে দোলেশ্বর। আগে ব্যাট করে এই মৌসুমে যা তাদের সবচেয়ে কম রান।
দেড় ঘণ্টা বৃষ্টি বিরতির পর রান তাড়ায় ৫১ রানের মধ্যে প্রাইম ব্যাংক হারায় ৩ উইকেট। চাঁদকে তিন নম্বরে জায়গা দিতে মৌসুমে প্রথমবারের মত পাঁচে নেমে আসেন সাব্বির। দুজন মিলেই শেষ করেছেন খেলা। চতুর্থ উইকেটে গড়েছেন ১০৭ বলে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি।
৭৪ বলে ৫৯ করে অপরাজিত থাকেন চাঁদ। ৫৭ বলে ৬২ রানে অপরাজিত সাব্বির। দুজনই মেরেছেন ৩টি করে ছয়। নাসির হোসেনের বলে চাঁদের ছক্কাতেই শেষ হয়েছে ম্যাচ।
প্রাইম ব্যাংকের ভাগ্য নির্ভর করছে এখন অন্য ম্যাচের ওপর। শেষ রাউন্ডের শেষ দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্স হারলেই সুপার লিগে উঠে যাবে প্রাইম ব্যাংক।
প্রথম পর্বের ১১ ম্যাচ শেষে প্রাইম ব্যাংকের পয়েন্ট ১২। শেষ রাউন্ডে নিজেদের ম্যাচগুলি জিতলে সমান ১২ পয়েন্ট হবে গাজী, কলাবাগান ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের। কলাবাগান ও শেখ জামালকে হারানোয় ‘হেড টু হেড’-এ এগিয়ে প্রাইম ব্যাংক। হেরেছে কেবল গাজীর কাছে।
আপাতত তাই গাজীর পরাজয় কামনায় সাব্বিররা।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম দোলেশ্বর: ৪৭.৪ ওভারে ১৮৮ (ইমতিয়াজ ৩২, রবি ০, রকিবুল ৪৪, মেনারিয়া ৯, নাসির ১১, সানজামুল ২০, রনি ৩৩, জিয়াউর ৮, ফরহাদ ৫, রাহাতুল ১১*, আল আমিন ১০; রুবেল ২/৩৯, নাজমুল অপু ০/৩১, মনির ৩/৩১, আজিম ৩/২৮, শুভাগত ২/৩৪, তাইবুর ০/৪, চাঁদ ০/২০)।
প্রাইম ব্যাংক: ৩১.৩ ওভারে ১৬৫/৩ (লক্ষ্য ৩৬ ওভারে ১৬৫) (মারুফ ৯, শানাজ ২২, চাঁদ ৫৯*, নুরুল ৪, সাব্বির ৬২*; আল আমিন ০/২৬, মেনারিয়া ০/৩০, সানজামুল ১/৪২, রাহাতুল ২/৩৭, নাসির ০/২৪)।
ফল: ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে প্রাইম ব্যাংক ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: সাব্বির রহমান।
