তামিমের শতকে সুপার লিগে আবাহনী
সাকিব আল হাসান ও তামিম ইকবাল এক সঙ্গে জ্বলে উঠলে প্রতিপক্ষের করার থাকে সামন্যই। ঠিক তাই-ই হল ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে আবাহনীর ম্যাচে। বোলিংয়ে দলকে পথ দেখালেন সাকিব, দারুণ এক শতকে বাকি কাজটুকু সারলেন তামিম। এই দুই তারকার ভেলায় চড়ে প্রিমিয়ার লিগের সুপার সিক্সে পৌঁছেছে আবাহনী।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে সিসিএসকে ৯ উইকেটে হারিয়েছে আবাহনী।
সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শেষ বলে ২০৫ রানে অলআউট হয়ে যায় সিসিএস। টসের পর বৃষ্টি নামলে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর সকাল ৯টা ৪০ মিনিটে খেলা শুরু হয়।
জবাবে ১২ ওভারে ১ উইকেটে ৬২ রান করে আবাহনী। এর পর বৃষ্টি নামলে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকে। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে দলটির নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৬৮ রান। ২৬ ওভার চার বলে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।
লক্ষ্য তাড়ায় শুরুতেই ইউসুফ পাঠানকে হারায় আবাহনী। অভিষিক্ত পেসার নাজমুস সাকিবের করা প্রথম দুই বলে চার হাঁকিয়ে ঝড়ের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ওভারেই সাঈদ সরকারকে ক্যাচ দিয়ে ফিরে যান এই মারকুটে ব্যাটসম্যান।
২৪.৫ ওভার স্থায়ী অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে নাজমুলের সঙ্গে ১৬০ রানের জুটি উপহার দেন তামিম। শুরুতে দেখেশুনে খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান চড়াও হন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে। সাইফ হাসানকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ৫৬ বলে অর্ধশতকে পৌঁছান তিনি, ততক্ষণে তার ব্যাট থেকে এসেছে আরও ৫টি চার ও একটি ছক্কা।
২৬তম ওভারে উত্তম সরকারের বলে এক রান নিয়ে চলতি আসরে নিজের প্রথম শতকে পৌঁছান তামিম। ৮৩ বলে নিজের রান তিন অঙ্কে নিয়ে যান এই বাঁহাতি ব্যাটসম্যান। এই সময়ে তার ব্যাট থেকে আসে ১০টি চার ও চারটি বিশাল ছক্কা। তার বেশিরভাগ ছক্কাই এসেছে কাভার দিয়ে।
তামিমের দ্বিতীয় অর্ধশতক আসে ২৭ বলে। এই সময়ে তাকে কেবল স্ট্রাইক দিয়েই নিজের দায়িত্ব সারেন নাজমুল। চার হাঁকিয়ে দলকে জয় এনে দেওয়া তামিম অপরাজিত থাকেন ১০৫ রানে।
তামিমের ছায়ায় ঢাকা পড়া নাজমুল খেলেন অপরাজিত ৫৩ রানের আরেকটি ভালো ইনিংস। তার ৭০ বলের ইনিংসটি গড়া ৪টি চারে।
এর আগে তামিম-নাজমুলের মতো বড় জুটি গড়ে সিসিএসও। ৪৬ রানে তিন উইকেট হারানো দলটি প্রতিরোধ গড়ে রাজিন ও মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাটে। চতুর্থ উইকেটে এই দুই জনে গড়েন ১২৩ রানের জুটি, তবে তার জন্য খেলে ফেলেন ৩২ ওভার।
৫৪ ও ৭৪ রানে দুই বার জীবন পাওয়া অধিনায়ক রাজিন রানের গতি বাড়ানোর চেষ্টায় ছিলেন। কিন্তু নিজেকে পুরোপুরি গুটিয়ে রেখেছিলেন অলরাউন্ডার সাইফুদ্দিন।
১৩৫ বলে ৯৫ রান করা রাজিনের ইনিংসে ডট বল ৮০টি। পাঁচটি চার ও চারটি ছক্কায় রান-বলের ব্যবধান কমানোর চেষ্টা ছিল তার। সেই চেষ্টা ছিল না লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতক পাওয়া সাইফুদ্দিনের। তার ১০২ বলের ৬০টি ডট, ৫০ রানের ইনিংসে চার কেবল একটি।
এক সময়ে সিসিএসের স্কোর ছিল ৩ উইকেটে ১৬৯ রান। শেষের দিকে রানের গতি বাড়ানোর চেষ্টায় দ্রুত উইকেট হারায় দলটি। ৩৬ রান তুলতেই ফিরেন শেষ ৭ ব্যাটসম্যান।
শুরুতে সালমানকে ফেরানো সাকিব শেষের দিকে বিদায় করেন সাঈদ সরকার ও নাসুম আহমেদকে। ৩৫ রানে তিন উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার।
১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আবাহনী রয়েছে দ্বিতীয় স্থানে। রান রেটে এগিয়ে শীর্ষে রয়েছে সবার আগে সুপার লিগ নিশ্চিত করা প্রাইম দোলেশ্বর।
সংক্ষিপ্ত স্কোর:
সিসিএস: ৫০ ওভারে ২০৫ (পিনাক ৪, রাজিন ৯৫, সাইফ ৯, সালমান ১৬, সাইফুদ্দিন ৫০, উত্তম ২, সাঈদ ১১, নাসুম ০, শাওন ১, সাকিব ১২*, মাইনুদ্দিন ০; সাকিব ৩/৩৫, তাসকিন ২/২২, হাসান ২/৩০, মোসাদ্দেক ২/৩৮, অমিত ১/৩৫)
আবাহনী: ২৬.৪ ওভারে ১৭০/১ (তামিম ১০৫*, ইউসুফ ৮, নাজমুল ৫৩*; সাকিব ১/১৬)
ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে আবাহনী ৯ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: তামিম ইকবাল।
