বিসিবিকে ‘না’ করে দিলেন আকিব
বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন না আকিব জাভেদ। বিসিবির প্রস্তাবে সাবেক পাকিস্তানি পেসার অপারগতা জানিয়ে ইমেইল করেছেন সোমবার।
আকিবের ইমেইল পাওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। জানালেন, বিকল্প ভাবনায় এগোবেন তারা।
“আজকেই ইমেইল করে আকিব জানিয়ে দিয়েছে যে সে আসছে না। আমরা তাতে খুব চিন্তিত নই। আকিবই আমাদের একমাত্র পছন্দ ছিল না। প্ল্যান ‘বি’, ‘সি’ এসব তো ছিল। বিকল্প ভাবনায় যারা ছিল, তাদের সঙ্গে কথাবার্তা এগিয়ে নেব আমরা।”
তবে বিকল্পদের মধ্যে পছন্দে এগিয়ে থাকা কারও নাম বলতে চাইলেন না আকরাম।
“আসলে নাম উল্লেখ করে দিলে পরে কাজের সমস্যা হয় দুই পক্ষেরই। মোটামুটি কিছু চূড়ান্ত হলেই জানতে পারবেন।”
আগের বোলিং কোচ হিথ স্ট্রিক চুক্তি নবায়ন না করায় নতুন কোচের সন্ধানে নামে বিসিবি। আকরাম খান সেই সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, বোর্ডের পছন্দের তালিকায় আছেন আকিব, চম্পকা রামানায়েকে, চামিন্দা ভাস ও ভেঙ্কটেশ প্রসাদ।
রোববার বিসিবিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান জানিয়েছিলেন, আকিবকে প্রস্তাব দিয়েছে বোর্ড। জবাব জানা যাবে মঙ্গলবারের মধ্যে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের ক্রিকেট পরিচালকের দায়িত্ব নিতে সংযুক্ত আরব আমিরাতের কোচের দায়িত্ব ছেড়েছেন আকিব। ধারণা করা হচ্ছে, সাবেক এই পেসার মনোযোগ দেবেন পিএসএলের দলেই।
