২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসা নিশ্চিত না হলেও ইংল্যান্ড সফরের দলে আমির

পাকিস্তান দল দেশ ছাড়বে ১৮ জুন। এখনও নিশ্চিত হয়নি মোহাম্মদ আমিরের ভিসা পাওয়া। তবে প্রতিভাবান এই ফাস্ট বোলারকে ইংল্যান্ড সফরের টেস্ট দলে রেখেছে নির্বাচকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 07:42 PM

Updated : 20 Aug 2022, 12:53 PM

পিসিবি কর্তাদের আশা, আগামী সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে যাবেন আমির। সেক্ষেত্রে যে মাঠে সবশেষ টেস্ট খেলেছিলেন, ৬ বছর পর সেই লর্ডসেই হয়ত আবার টেস্ট ক্রিকেটে দেখা যাবে বাঁহাতি এই বোলারকে। ২০১০ সালের অগাস্টে খেলেছিলেন সবশেষ টেস্ট। লর্ডসে দলের ইনিংস হারের ম্যাচে করেছিলেন ক্যারিয়ার সেরা বোলিং (৬/৮৪)।

ওই টেস্টেরই পর বেরিয়ে আসে আমিরসহ আরও দুই সতীর্থের স্পট ফিক্সিংয়ে জড়ানোর খবর। ক্রিকেটে লম্বা সময়ের নিষেধাজ্ঞাসহ প্রতারণার মামলায় জেলও খাটতে হয় তিন জনকে। সাজা খেটেছেন বলেই এবার আমিরের ভিসা পাওয়া নিয়ে এখনও আছে অনিশ্চয়তা। তবে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডও ভিসা দেওয়ার পক্ষে বলে ভরসা পাচ্ছে পিসিবি।

ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে ৩ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন ইয়াসির শাহ। এই লেগ স্পিনারের নিষেধাজ্ঞা শেষ হয়েছিল গত মার্চেই। তবে গত মাসে ফিটনেস ক্যাম্পে মাথাচাড়া দিয়ে উঠেছিল তার পুরোনো হাঁটুর চোট। শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত ফিরলেন বিশ্বের অন্যতম সেরা এই স্পিনার।

হাঁটুর চোট নিয়ে ফিটনেস ক্যাম্প থেকে ছিটকে যাওয়া মোহাম্মদ হাফিজও আছেন দলে। নির্বাচকদের বিশ্বাস, টেস্টের আগেই পুরো ‘ফিট’ হয়ে উঠবেন এই ওপেনার।

১৭ সদস্যের দলে ফিরেছেন তরুণ ওপেনার সামি আসলাম ও অভিজ্ঞ পেসার সোহেল খান। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও প্রথমবারের মত টেস্ট দলে সুযোগ পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ইফতিখার আহমেদ ও উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। লম্বা সফর বিবেচনায় মূল কিপার সরফরাজ আহমেদকে খানিকটা বিশ্রাম দেওয়ার ভাবনাতেই মূলত নেওয়া হয়েছে রিজওয়ানকে।

যথারীতি দলকে নেতৃত্ব দেবেন কদিন আগে ৪৩ বছরে পা রাখা ব্যাটসম্যান মিসাবাহ-উল-হক।

ইংল্যান্ড সফরে মূল সিরিজ শুরুর আগে হ্যাম্পশায়ারে কন্ডিশনিং ক্যাম্প করবে পাকিস্তান। প্রস্তুতি ম্যাচ খেলবে সমারসেট ও সাসেক্সের বিপক্ষে। চার টেস্টের প্রথমটি লর্ডসে, ১৪ জুলাই থেকে। পরের তিন টেস্ট ওল্ড ট্র্যাফোর্ড, এজবাস্টন ও ওভালে।

পাকিস্তান টেস্ট দল: মোহাম্মদ হাফিজ, শান মাসুদ, সামি আসলাম, মিসবাহ-উল-হক (অধিনায়ক), ইউনিস খান, আজহার আলি, আসাদ শফিক, ইফতিখার আহমেদ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, জুলফিকার বাবর, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, রাহাত আলি, ইমরান খান, সোহেল খান।