কঠিন গ্রুপের চ্যালেঞ্জ নিচ্ছেন হাথুরুসিংহে
ইংল্যান্ডের কন্ডিশনে খেলা বাংলাদেশের জন্য এমনিতেই কঠিন। কাজটাকে আরও কঠিন করে তুলেছে গ্রুপিং। স্বাগতিকদের পাশাপাশি বাংলাদেশের গ্রুপ সঙ্গী বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্সআপ নিউ জিল্যান্ড, যা চন্দিকা হাথুরুসিংহের মতে সবচেয়ে কঠিন গ্রুপ। তবে এই চ্যালেঞ্জটা নিতেও মুখিয়ে আছেন বাংলাদেশ কোচ।
আগামী বছরের ১ জুন ওভালে ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের লড়াই দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ঠিক এক বছর আগে, গত বুধবার টুর্নামেন্টের সূচি ঘোষণা করে আইসিসি। বৃহস্পতিবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের গ্রুপ নিয়ে কথা বললেন হাথুরুসিংহে।
“গ্রুপটা কঠিন, কারণ আমাদের সঙ্গে আছে স্বাগতিক দল আর অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। এই দুই দল এখন ওয়ানডের সেরা, র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল। আমরা তাই সবচেয়ে কঠিন গ্রুপেই পড়েছি।”
তবে ভড়কে যাচ্ছেন না কোচ। তার মতে, পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিতে পারলে এই চ্যালেঞ্জ জয় করা সম্ভব।
“চ্যালেঞ্জটা নিতে আমরা মুখিয়ে আছি। আমাদের বিশদভাবে প্রস্তুতি নিতে হবে। সেটির জন্য পরিকল্পনাও আছে আমাদের। আমরা আগে ভাগেই আয়ারল্যান্ড যাচ্ছি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওখানে আয়ারল্যান্ড ও নিউ জিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলব।”
আগামী মে মাসে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজটি হবে ডাবল লিগ পদ্ধতিতে।
