মুস্তাফিজকে আরেকটু সময় দিচ্ছে সাসেক্স
কয়েকটা দিন পরে হলেও মুস্তাফিজুর রহমানকে পেতে মরিয়া সাসেক্স। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে দলের প্রথম দুটি ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকেই। অধিনায়ক লুক রাইট জানিয়েছেন, তারা আরও একটি ম্যাচ ছাড় দিচ্ছেন মুস্তাফিজকে।
গত মার্চে মুস্তাফিজকে চুক্তিবদ্ধ করার কথা জানিয়েছিল সাসেক্স। ইংল্যান্ডে খেলা নিয়ে তখন রোমাঞ্চিতও ছিলেন মুস্তাফিজ। কিন্তু টানা খেলার মধ্যে থাকায় তাকে পেয়ে বসেছে শ্রান্তি।
আইপিএল খেলার সময়ই মুস্তাফিজ ঘনিষ্ঠজনদের জানিয়েছেন, ইংল্যান্ডে খেলতে যেতে নাও পারেন। ক্লান্তির পাশাপাশি টানা দেশের বাইরে থাকায় মানসিকভাবে মানিয়ে নিতে পারছেন না।
এই খবরটি ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসেছিল সাসেক্স। স্থানীয় পত্রিকা আর্গাসকে দলের কোচ মার্ক ডেভিস বলেছিলেন, মুস্তাফিজ খেলবেন বলে তারা আত্মবিশ্বাসী।
“ফিজ অবশ্যই আসছে, আমরা স্রেফ নিশ্চিত করছি কতগুলো ম্যাচ সে খেলবে।”
তরুণ এই ক্রিকেটারের বাস্তবতা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়ছে, জানালেন সাসেক্স অধিনায়ক।
“আমাদের বুঝতে হবে ওর বয়স খুবই কম। দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে আছে এমন একটা পরিবেশে যেখানে সে ভাষাটা বলতে পারে না। অনেক ম্যাচও খেলেছে সে। এজন্যই আমরা ওকে পর্যাপ্ত বিশ্রাম দিতে চাই, যেন ওর কাছ থেকে সেরাটা পেতে পারি।”
শুক্রবার শুরু হয়ে গেছে এবারের টি-টোয়েন্টি ব্লাস্ট। প্রথম ম্যাচে গ্লস্টারশায়ারকে ১ রানে হারিয়েছে সাসেক্স। দলের আরেক বিদেশি ক্রিকেটার রস টেইলর ৮ ছক্কায় ৪৮ বলে করেছেন ৯৩ রান।
আইপিএলে ব্যস্ত থাকায় ম্যাচটি এমনিতেও খেলার কথা ছিল না মুস্তাফিজের। দ্বিতীয় ম্যাচ ১ জুন সমারসেটের বিপক্ষে। অনিশ্চিত ছিলেন তিনি ওই ম্যাচেও। এখন সঙ্গে যোগ হচ্ছে আরেকটি ম্যাচ; ৩ জুন সারের বিপক্ষে ম্যাচেও থাকছেন না তরুণ এই সেনসেশন।
“আমরা সবসময়ই জানতাম, দুটি ম্যাচে সম্ভবত সে খেলতে পারবে না। ব্যাপারটি ছিল তাই স্রেফ আরেকটি ম্যাচ সে মিস করছে কি না। অবশ্যই যত বেশি সম্ভব ম্যাচে ওকে পেলে আমাদের ভালো হতো। তার পরও বড় একটা অংশের ম্যাচে ঠিকই পাচ্ছি ওকে।”
আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবেই মাতানোর পর এখন আইপিএলেও ঝড় তুলেছেন মুস্তাফিজ। রাইটের মতে, এই মাপের একজন ক্রিকেটারের জন্য একটু বেশি সময় অপেক্ষা করাই যায়।
“আমরা যখন ওর ব্যাপারে খোঁজ নিচ্ছিলাম, তখনই লোকে বলেছিল, সে কত বড় ক্রিকেটার হতে যাচ্ছে। কুমার সাঙ্গাকারার মত কেউ যখন বলে যে সে বিশেষ প্রতিভা, তখন সেটা বিবেচনায় নিতেই হয়।”
“এখন ভারতেও প্রমাণ করছে সে কতটা ভালো। ওকে দলে নিতে পারাটা ছিল আমাদের জন্য দারুণ ব্যাপার, কারণ আমার মনে হয় না, ভবিষ্যতে এত সস্তায় আমরা ওকে পাব।”
রাইটের দাবি সত্যি হলে আইপিএলের ফাইনাল খেললেও দেশে ফিরে দিন দশেক সময় পাবেন মুস্তাফিজ।
