২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমাঞ্চকর ম্যাচে শেখ জামালকে জেতালেন মুক্তার-মাহমুদউল্লাহ

মুস্তাফিজুর রহমানের ড্রাইভ দারুণ ক্ষিপ্রতায় ধরে ফেললেন বোলার মাহমুদউল্লাহ। নন-স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান ফরহাদ হোসেন তখন এগিয়ে অনেকটাই। বল ধরে চকিতে স্টাম্পে লাগাতে পারলেন না খুব কাছ থেকেও। উল্টো ওভার থ্রো থেকে রান নিয়ে স্ট্রাইকে চলে গেলেন ফরহাদ। ওই মুহূর্তে মনে হচ্ছিল, আরও একবার কাছে গিয়েও পারলেন না মাহমুদউল্লাহ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 04:17 PM

Updated : 12 Apr 2022, 02:05 AM

ফরহাদ খেলছিলেন দারুণ। ২ বলে প্রয়োজন তখন ৫ রান। মাহমুদউল্লাহ পরের বলটি করলেন একদমই শর্ট; মাঠের যে কোনো প্রান্তে পাঠানোর মত বল। বেশি বাজে বলে অতি উত্তেজনাতেই হয়ত টাইমিংয়ে গড়বড় করলেন ফরহাদ। মিড উইকেটে বৃত্তের ভেতরই লোপ্পা ক্যাচ। জিতলেন মাহমুদউল্লাহ, জিতল শেখ জামাল।

ঢাকা প্রিমিয়ার লিগে রিজার্ভ ডেতে গড়ানো শ্বাসরূদ্ধকর ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪ রানে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বৃষ্টির কবলে পড়া ম্যাচে আগের দিন ৩৮ ওভারে ৯ উইকেটে ১৬৮ রান তুলেছিল শেখ জামাল। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩৮ ওভারে লক্ষ্য ছিল ১৯৬, এক বল বাকি থাকতে গাজী অলআউট ১৯১ রানে।

আগের দিন শেষে খানিকটা সুবিধাজনক অবস্থানে ছিল গাজী গ্রুপ। তবে বৃহস্পতিবার সকালে দারুণ এক স্পেলে শেখ জামালকে ম্যাচে ফেরান মুক্তার আলি। ৪ উইকেট নিয়ে তিনিই ম্যাচ সেরা।

১৬.১ ওভারে ৩ উইকেটে ৮৩ রান নিয়ে দিন শুরু করছিল গাজী। সকালের বৃষ্টিতে এদিনও খেলা শুরু হয় সোয়া দুই ঘণ্টা দেরিতে। খানিকটা স্যাঁতসেঁতে উইকেট ব্যাটসম্যানদের পরীক্ষা নিয়েছে বেশ। বল সিম করেছে, নিচু হয়েছে। একটু থেমেও এসেছে ব্যাটে। দারুণ লাইন-লেংখে বল করে সেটির ফায়দা নিয়েছেন মু্ক্তার।

দিনের প্রথম দুই উইকেটে অবদান শেখ জামালের তরুণ উইকেটকিপার জাবিদ হোসেনের। ওয়াহিদুল আলমের বাঁহাতি স্পিনে অলক কাপালিকে স্টাম্পিং করেছেন দারুণ ক্ষিপ্রতায়।

৩৬ রানে দিন শুরু করা এনামুল অর্ধশতক স্পর্শ করেন ৬০ বলে। একটু পরই মুক্তারের অফ স্টাম্পের বাইরের লেংথ বল অযথা পুল করতে গেলেন। ব্যাট ছুঁয়ে আসা বল অসাধারণ দক্ষতায় গ্লাভসবন্দী করলেন মিডিয়াম পেসেও স্টাম্প ঘেষে দাঁড়িয়ে থাকা জাবিদ।

উইকেটে বল থমকে আসায় টাইমিংয়ের গড়বড়ে মুক্তারের শিকার মইনুল হোসেন ও দেলোয়ার হোসেন। মাঝে ২ ছক্কায় ২২ রান করে গাজীকে ম্যাচে ফেরার ফারুক হোসেন। উইকেটে গিয়েই আরাফাত সানিকে উড়িয়েছন লং অন দিয়ে। শফিউল হোসেনকে আছড়ে ফেলেছেন গ্র্যান্ড স্ট্যান্ডের ওপরের দিকে। কিন্তু এই বিগ হিটারও ক্যাচ দিয়েছেন মুক্তারের থেমে আসা বলে।

গাজীর ভরসা হয়েছিলেন ফরহাদ। এমনিতে একটু মন্থর খেলার জন্য পরিচিত হলেও এদিন মেটান পরিস্থিতির দাবি। খেলেছেন পুল, ড্রাইভ, স্কুপ। ৪৬ বলে করেন অর্ধশতক।

১১ নম্বরে নামা আনকোরা মুস্তাফিজুর রহমান সিঙ্গেল নিয়ে দারুণ সঙ্গ দিয়ছেন ফরহাদকে।

শেষ ওভারে রান আউট থেকে বেঁচে যাওয়ার আগে অবশ্য আরও একবার জীবন পেয়েছিলেন ফরহাদ। শফিউলের বলে লং অনে তার সহজ ক্যাচ ছাড়েন মার্শাল আইয়ুব।

শেষ ওভারে গাজীর প্রয়োজন ছিল ১০ রান। শুরুতে সোহাগ গাজীর হাতে বল দিয়েছিলেন মাহমুদউল্লাহ। পরে মত বদলে বল হাতে নেন নিজেই, যেটি ছিল দিনে তার প্রথম ওভার। বাজে বলে ফরহাদের আরও বাজে শটে শেষ হাসি মাহমুদউল্লাহরই।

ম্যাচ শেষে ড্রেসিং রুমের সামনে শেখ জামাল ক্রিকেটাররা যখন ‘থ্রি চিয়ার্স’ দিচ্ছেন জয়ের আনন্দে, মুখে চওড় হাসি নিয়ে মাহমুদউল্লাহ বার বার বলছিলেন, ‘বেঁচে গেছি…বেঁচে গেছি!’

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল: ৩৮ ওভারে ১৬৮/৯ (জয়রাজ ২৮, আব্দুল্লাহ ৬৯, মার্শাল ৬, মাহমুদউল্লাহ ৩০, জাবিদ ১৩, মুক্তার ০, সাদাত ০, সোহাগ ১৫*, ওয়াহিদুল ২, শফিউল ২; দেলোয়ার ০/২৮, সাঈদ আনোয়ার ২/২৭, শরিফ ৪/৪৩, মেহেদি ০/১০, অলক ০/২২, মইনুল ০/৩৩, মুস্তাফিজ ১/৫)।

গাজী গ্রুপ: ৩৭.৫ ওভারে ১৯১ (৩৮ ওভারে লক্ষ্য ১৯৬) (এনামুল ৫৩, শামসুর ১৯, মেহেদি ৫, সাঈদ আনোয়ার ৫, অলক ১৬, ফরহাদ ৫৩, মইনুল ২, ফারুক ২২, শরিফ ২, দেলোয়ার ২, মুস্তাফিজ ৫*; শফিউল ১/৫৪, সোহাগ ০/৩১, সানি ২/২৫, ওয়াহিদুল ২/২৪, মাহমুদউল্লাহ ১/১৭, মুক্তার ৪/৩৭)।

ফল: শেখ জামাল ৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মুক্তার আলি।