আবারও ইংল্যান্ডের সেরা রুট
টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন জো রুট। তরুণ প্রতিভাবান ক্রিকেটার জিতে নিয়েছেন মোট তিনটি পুরস্কার।
সোমবার লিডসে ইংল্যান্ড টিম অ্যাওয়ার্ড ডিনারে ঘোষণা করা হয় এবারের বিজয়ীদের নাম। বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটার - দুটি পুরস্কারই জিতেছেন রুট। সঙ্গে জিতেছেন সমর্থকদের ভোটে বর্ষসেরা ক্রিকেটারের খেতাবও।
ইংল্যান্ডের সেরা তো বটেই, গত এক-দেড় বছরে বিশ্ব ক্রিকেটেরই অন্যতম শীর্ষ ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ২৫ বছর বয়সী রুট। গত মৌসুমে ২৭ টেস্ট ইনিংসের ১৩টিতেই স্পর্শ করেছেন অর্ধশতক। ৩টি শতকে ১ হাজার ৩১৬ রান করেছেন ৫৪.৮৩ গড়ে। ইংল্যান্ডের অ্যাশেজ জয়ে ও দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ে তার ছিল বড় অবদান।
এই সময়টায় সীমিত ওভারের ক্রিকেটে তার উন্নতিটা ছিল সবচেয়ে চোখে পড়ার মত। ১৪ ওয়ানডেতে শতক ও অর্ধশতক চারটি করে! ৫৯.২৩ গড়ে রান করেছেন ৯৫.৫৩ স্ট্রাইক রেটে! ১১ টি-টোয়েন্টিতে ৪১১ রান করেছেন ৪১ গড় ও ১৪৫.২২ স্ট্রাইক রেটে।
বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন পেসার আনাইয়া স্রাবসোল। সমর্থকদের ভোটে সেরা সদ্য অবসরে যাওয়া সাবেক অধিনায়ক শার্লট এডওয়ার্ডস।
বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে যাওয়া ব্যাটসম্যান ড্যান লরেন্স হয়েছেন ডেভেলপমেন্ট প্রোগ্রামের বর্ষসেরা ক্রিকেটার। সেরা শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটার ক্যালাম ফ্লিন।
৫০ বছরের বেশি সময় ধরে ক্রিকেটে নানামুখী অবদানের জন্য সাবেক ক্রিকেটার, কোচ, আম্পায়ার, সাংবাদিক, লেখক ও জনপ্রিয় ধারাভাষ্যকার ডেভিড লয়েড পেয়েছেন ‘স্পেশাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’।
