গেইল-হাসিকে ছাড়িয়ে কোহলির রেকর্ড
আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ছাড়িয়ে গেছেন মাইক হাসি ও ক্রিস গেইলকে।
আগের রেকর্ডটি ছিল যৌথভাবে হাসি ও গেইলের। সোমবার কলকাতা নাইট রাইডার্সে বিপক্ষে ৫১ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংসের পথে সেটি ছাড়িয়ে যান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি।
২০১২ আইপিএলে বেঙ্গালুরুর হয়েই ১৪ ইনিংসে ৭৩৩ রান করেছিলেন গেইল। ১টি শতকের পাশে ছিল ৭টি অর্ধশতক, গড় ৬১.০৮।
২০১৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৭ ইনিংসে হাসি করেছিলেন ঠিক ৭৩৩ রানই। শতক ছিল না, অর্ধশতক ৬টি, গড় ৫২.৩৫।
এবার ওই দুজনকে কোহলি ছাড়িয়ে গেলেন ১২ ইনিংসেই। কলকাতার বিপক্ষে ম্যাচের পর তার রান ৭৫২। ৩টি শতকের পাশে ৫টি অর্ধশতক। টি-টোয়েন্টির বিবেচনায় অতি মানবীয় গড়, ৮৩.৫৫!
সোমবার কলকাতা নাইট রাইডার্সে বিপক্ষে ৫১ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংসের পথে রেকর্ড গড়েন বিরাট কোহলি। ছবি: বিসিসিআই
আইপিএলে আরও একবার সাতশ’ রান করেছিলেন গেইল। ২০১৩ আইপিএলে তার ৭০৮ এক আসরে সর্বোচ্চ রানের তালিকায় এখন চারে।
কোহলির আগের সেরা আসর ছিল ওই ২০১৩ আইপিএলই। সেবার ৬টি অর্ধশতকে করেছিলেন ৬৩৪ রান, একবার আউট হয়েছিলেন ৯৯ রানে।
এবারের আসরে সর্বোচ্চ রানের তালিকায় কোহলির পরই আছেন ডি ভিলিয়ার্স। ১২ ইনিংসে ১ শতক ও ৫ অর্ধশতকে রান ৫৯৭।
টুর্নামেন্টে আরও অন্তত দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে বেঙ্গালুরু। কোহলিরও সুযোগ থাকছে তাই রেকর্ডটি আরও সমৃদ্ধ করার। ডি ভিলিয়ার্সের সুযোগ আরও এগিয়ে যাওয়ার।
