২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেটে আবাহনীর কাছে মোহামেডানের প্রথম হার

মহিলা ক্রিকেটে মোহামেডানের বিপক্ষে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেয়েছে আবাহনী। সুবর্ণ ইসলামের দারুণ বোলিংয়ে ঢাকা মহিলা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ৫৩ রানে জিতেছে দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 10:17 AM

Updated : 12 Apr 2022, 02:04 AM

রোববার বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৬ রান করে আবাহনী। 
 
আবাহনীকে লড়াইয়ের পুঁজি এনে দিতে অর্ধশতক করেন শারমিন আক্তার সুপ্তা। ৮৩ বলে ৫১ রানের চমৎকার এক ইনিংস খেলেন এই ওপেনার। 
 
দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন জান্নাতুল ফেরদৌসি। এছাড়া শারমিন সুলতানা ১৯ ও সুবর্ণ অপরাজিত ১৪ রান করেন। 
 
৩৫ রানে তিন উইকেট নিয়ে খাদিজাতুল কুবরা মোহামেডানের সেরা বোলার। এছাড়া অধিনায়ক সালমা খাতুন ২ উইকেট নেন ২৩ রানে। 
 
জবাবে ব্যাটিং ব্যর্থতায় ৩৪ ওভার ২ বলে ৯৩ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। 
 
সর্বোচ্চ ৩২ রান আসে অতিরিক্ত থেকে। দিপিকা রাসাঙ্গি করেন ২০ রান। এছাড়া তাহিন তাহেরা ১৪ ও লতা মণ্ডল ১৩ রান করেন। আট নম্বরে ব্যাট করতে নেমে ৮ রান করে ফিরে যান অধিনায়ক সালমা।
 
১০ রানে তিন উইকেট নিয়ে আবাহনীর জয়ে সবচেয়ে অবদান সুবর্ণার। এই ম্যাচে তিনি ভালো সহায়তা পেয়েছেন ইয়ামিম রুপা (২/১১) ও সুমনা আক্তারের (২/২৩) কাছ থেকে। 
 
দিনের অন্য ম্যাচে ইন্দিরা রোডকে ৯ উইকেটে হারিয়েছে বিকেএসপি।