মুক্তারের ক্যারিয়ার সেরা বোলিং
মুক্তার আলীর ক্যারিয়ার সেরা বোলিংয়ে জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। কম রানে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমিকে বেধে রেখে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে মাহমুদউল্লাহর দল।
রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ৩ বলে ১৫২ রানে অলআউট হয়ে যায় কলাবাগান।
প্রতিপক্ষকে কম রানে বেধে রাখতে অলরাউন্ডার মুক্তার মিডিয়াম পেসে ১৯ রান দিয়ে নেন চার উইকেট।
একাদশ ওভারে তিন বলের মধ্যে ইরফান শুক্কুর ও দিদার হোসেনকে বিদায় করেন মুক্তার। পরে তাপস ঘোষ ও আবু জায়েদের উইকেটও নেন তিনি। অন্য বোলারদের কাছ থেকে তিনি ভালো সহায়তা পাওয়ায় লড়াইয়ের পুঁজি গড়তে পারেনি কলাবাগান।
কলাবাগানের আট ব্যাটসম্যান দুই অঙ্কে যান। এদের কেউই নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি। সর্বোচ্চ ২৫ রান আসে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে।
অধিনায়ক মাহমুদউল্লাহ ও সোহাগ গাজী দুটি করে উইকেট নেন।
জবাবে ২৬ ওভার তিন বলে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে জয়রাজ শেখের সঙ্গে মাহবুবুল করিমের ৮০ রানের উদ্বোধনী জুটি ভালো সূচনা এনে শেখ জামালকে। দলের সংগ্রহ একশ’ ছাড়ানোর পর ফিরে যান মাহবুবুল। ৭২ বলে খেলা তার ৭৮ রানের ইনিংসটি ৯টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ।
মাহমুদউল্লাহকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন মার্শল আইয়ুব। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়েন এই দুই জনে।
সংক্ষিপ্ত স্কোর:
কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি: ৪৪.৩ ওভারে ১৫২ (ইরফান ১৩, মাইশুকুর ১৯, দিদার ০, মাহমুদুল ৯, মেহেদি ২৫, নুরুজ্জামান ১৩, তাপস ১০, বিশ্বনাথ ২২, নূর ১৭*, জায়েদ ০, হালিম ১০; মুক্তার ৪/১৯, মাহমুদউল্লাহ ২/২০, সোহাগ ২/৪৫, অ্যাঞ্জেলো ১/২২)
শেখ জামাল: ২৬.৪ ওভারে ১৫৩/২ (জয়রাজ ১৪, মাহবুবুল ৭৮, মার্শাল ৩১*, মাহমুদউল্লাহ ২১*; বিশ্বনাথ ১/২১)
ফল: শেখ জামাল ৮ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মুক্তার আলী।
