চেনা মঞ্চে ছন্দে ফেরার লড়াইয়ে সৌম্য
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চমৎকার পারফরম্যান্সেই জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন সৌম্য সরকার। হঠাৎ করে ছন্দ হারিয়ে চাপে পড়ে যাওয়া এই উদ্বোধনী ব্যাটসম্যান নিজেকে ফিরে পেতে তাকিয়ে আছেন সেই টুর্নামেন্টের দিকেই।
২০১৪-১৫ মৌসুমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে আলো ছড়ান সৌম্য। তার মধ্যে বাংলাদেশ খুঁজে পায় দেশসেরা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের যোগ্য সঙ্গীকে। উদ্বোধনী জুটিতে সমাধান হয়ে আসেন তরুণ সৌম্য।
২০১৪ সালের ১ ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় সৌম্যর। অন্য দুই সংস্করণেও আন্তর্জাতিক ম্যাচ খেলতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাকে।
তিন ধরনের ক্রিকেটের মধ্যে টি-টোয়েন্টি সৌম্যর সঙ্গে সবচেয়ে মানানসই ভাবেন সতীর্থরা। তবে শেষের দিকে এই সংস্করণে খারাপ করেই চাপে পড়েন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ছায়া হয়ে থাকেন তিনি। শেষ দুই ম্যাচে ওপেনিং থেকে সরিয়ে মিডল অর্ডারে খেলানো হয় তাকে।
দেশের হয়ে ১৯ টি-টোয়েন্টিতে ১৫.৭৩ গড়ে সৌম্যর রান ২৯৯। টেস্টে নিজের সামর্থ্যের প্রমাণ রাখতে পারেননি তিনি। তিন টেস্টে ২১.৪০ গড়ে ১০৭ রান আসে তার ব্যাট থেকে।
তবে ওয়ানডেতে আলো ছড়িয়েছেন সৌম্য। এই সংস্করণ নিজেকে সবচেয়ে ভালোভাবে মেলে ধরতে পেরেছেন তিনি। ৫০ ওভারের ক্রিকেট দিয়েই নিজেকে ফিরে পেতে চান।
“প্রিমিয়ার লিগে আগেরবার যেমন খেলেছি এবার তার চেয়ে ভালো ক্রিকেট খেলতে চাই। যতটুকু শুনেছি ব্যাটিং উইকেটই হবে নাকি। ব্যাটিং উইকেট হলে অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব।”
গত মৌসুমে প্রাইম ব্যাংকের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল সৌম্যর। এবার সেই কাজ করতে চান নতুন ক্লাব লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে, “প্রথম ম্যাচটি জয় দিয়ে শুরু করতে পারলে অবশ্যই পেছনের ম্যাচটিও ভালে হবে। শুরুটা যদি ভালো হয়, অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব।”
দলের সঙ্গে নিজের জন্যও ভাবছেন সৌম্য। কঠোর পরিশ্রম করে তৈরি হচ্ছেন নতুন চ্যালেঞ্জের জন্য, “অনুশীলন করে যাচ্ছি। অনুশীলন তো নিজের ভুলগুলো ঠিক করার জন্যই। এতদিন এটা নিয়েই কাজ করেছি। কালকে থেকে ম্যাচ শুরু। দেখা যাক কি হয়।”
দেশের হয়ে ১৬ ওয়ানডেতে ৪৯.৪২ গড়ে ৬৯২ রান করা সৌম্যর রানে ফেরা বাংলাদেশের জন্যও জরুরি।
