প্রথম দিনেই প্রশ্নবিদ্ধ ৪ স্পিনারের অ্যাকশন
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনেই প্রশ্নবিদ্ধ হয়েছে চার বোলারের বোলিং অ্যাকশন। চার জনই স্পিনার। ম্যাচ শেষেই আম্পায়াররা তাদের সন্দেহের কথা আম্পায়ার্স কমিটিকে জানিয়েছেন।
প্রশ্নবিদ্ধ চার বোলারের দুজন গাজী গ্রুপ ক্রিকেটার্সের। শুক্রবারই লিস্ট ‘এ’ ও প্রিমিয়ার লিগে অভিষিক্ত হয়েছিলেন অফ স্পিনার মুস্তাফিজুর রহমান (বাশার) ও বাঁহাতি স্পিনার মইনুল ইসলাম। প্রশ্নবিদ্ধ বাকি দুজন প্রাইম দোলেশ্বরের বাঁহাতি স্পিনার রেজাউল করিম ও আবাহনী লিমিটেডের বাঁহাতি স্পিনার অমিত কুমার নয়ন খেলছেন বেশ কিছু দিন ধরেই।
গাজীর দুই স্পিনারই গত মৌসুমে খেলেছেন প্রথম বিভাগ ক্রিকেটে। প্রিমিয়ারে ওঠার পর নাম বদলে যাওয়া এই দলের হয়েই (তখন ম্যাগনাম ক্রিকেটার্স) প্রথম বিভাগে খেলে ১২ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। সিটি ক্লাবের হয়ে মইনুল নিয়েছিলেন ২০ উইকেট।
শুক্রবার প্রিমিয়ারে অভিষেকে প্রাইম ব্যাংকের বিপক্ষে যথেষ্ট ভালো বোলিং করেছিলেন দুজনই। ৪৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন মইনুল, ১৭ রানে একটি মুস্তাফিজ।
গাজী গ্রুপের কোচ মোহাম্মদ সালাউদ্দিন এক জনেরটা মেনে নিলেও বিস্মিত আরেক জনের বিরুদ্ধে প্রশ্ন ওঠায়।
“বাশারের কয়েকটি ডেলিভারি নিয়ে প্রশ্ন উঠতে পারে, আমাদেরও টুকটাক মনে হয়েছে। তবে আমি অবাক হয়েছি মইনুলের অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায়। ওর বোলিং নিয়ে আমার কখনোই কিছু মনে হয়নি। আম্পায়াররা বলেছেন, মইনুলকে নিয়েই তাদের সন্দেহ বেশি।”
“মইনুলের ক্ষেত্রে আম্পায়াররা বলেছেন যে বাঁহাতি ব্যাটসম্যানদের বোলিংয়ের ক্ষেত্রে ওর অ্যাকশন বেশি সন্দেহজনক। বাশারের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট ডেলিভারির কথা সেভাবে বলা হয়নি। কয়েকেটি ডেলিভারি নিয়ে স্রেফ সন্দেহ হয়েছে আম্পায়ারদের।”
গাজী গ্রুপের কোচ জানালেন, দুই স্পিনারকে খেলিয়ে যাওয়ায় বাধা নেই।
“আপাতত ওদেরকে ম্যাচ খেলানোয় বাধা নেই। পাশাপাশি অ্যাকশন নিয়ে কাজও করব। দুজনই খুব ভালো বোলার। অ্যাকশন নিয়ে কাজ করলে ওদেরই উপকার হবে।”
বাঁহাতি স্পিনার অমিত কুমার লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ১৯টি। গত মৌসুমে খেলেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। তার বোলিং অ্যাকশন নিয়ে সংশয় আগেও উঠেছে নানা সময়। তারপরও এবার তাকে দলে নিয়েছে আবাহনী লিমিটেড।
দোলেশ্বরের রেজাউল ঘরোয়া ক্রিকেট খেলছেন প্রায় এক যুগ ধরে। গত মৌসুমে খেলেছিলেন পারটেক্স স্পোর্টিং ক্লাবে। এবার দোলেশ্বরে এসে প্রথম ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। কোচ মিজানুর রহমান বাবুল জানালেন, তাদের দলকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
“আমাদেরকে জানানো হয়নি, অনেকের কাছ থেকে শুনে পরে ফোন করে জানতে পারলাম। আনুষ্ঠানিকভাবে জানানোর পর আমরা পরবর্তী করণীয় ভাবব।”
