নিজের মতোই হতে চান মেহেদী
অভিষেকের স্নায়ুর চাপ কাবু করতে পারেনি; ব্যাটিংয়ে ছিল না বিন্দুমাত্র অস্বস্তি, তোয়াক্কা করেননি কোনো বোলারকে। পরে বল হাতেও দারুণ সাবলীল। সেই মেহেদী হাসান একটু ভড়কে গেলেন ম্যাচ শেষে!
প্রতিপক্ষের সঙ্গে করমর্দনের পালা শেষে এগিয়ে যাচ্ছিলেন নিজেদের ড্রেসিং রুমের দিকে। ক্লাবের এক কর্তা গিয়ে তাকে ডেকে আনলেন সংবাদকর্মীদের সামনে। বেশ কজন সংবাদকর্মী তাকিয়ে তার দিকেই, দেখে যেন একটু চমকে উঠলেন। থমকেও দাঁড়ালেন ক্ষনিকের জন্য। চোখের ভাষায় আশ্বাস দিলেন ওই ক্লাব কর্তা, এবার এগিয়ে এলেন মেহেদী।
এতগুলো রেকর্ডার-মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন এই প্রথমবার, অস্বস্তিটা অস্বাভাবিক নয়। কথাবার্তায় ব্যাটিংয়ের মতো সাবলীল নন, আধো আধো ভাষাতেই তবু যথেষ্ট ফুটিয়ে তুললেন নিজেকে।
ঢাকা প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে শুক্রবার উড়িয়ে দিয়েছেন এই মেহেদী। লিস্ট ‘এ’ ও প্রিমিয়ার লিগ অভিষেকেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ৮টি চার ও ৫ ছক্কায় করেছেন ৮৯ বলে ১০৩। দল জিতেছে ১০৩ রানে।
১১৩ রানের উদ্বোধনী জুটির পর মেহেদী নেমেছিলেন তিনে। শুরু থেকেই খেলেছেন দারুণ। শট খেলেছেন উইকেটের চারপাশে। ব্যাট করেছেন দাপটে, একটুও মনে হয়নি প্রথমবার খেলছেন ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে।
তার ইনিংস দেখে যেমন মনে হয়েছে ব্যাটিংটা অনেক সহজ, তার নিজের কাছে কিন্তু ব্যাটিংটা আসলে তেমনই! এই সেঞ্চুরি ইনিংসের বর্ণনায় যেমন তার নেই কোনো জটিল বিশ্লেষণ বা ভাবনা।
“এটা টপ ক্লাস ক্রিকেট। অনেক দেখে শুনে খেলতে হয়। তবে আমি স্ট্রোক প্লেয়ার, স্ট্রোক খেলতে পছন্দ করি। এখানেও খেলেছি। খেলতে খেলতেই বড় ইনিংস হয়ে গেছে।”
ব্যাটিং ব্যাপারটি তার কাছে এরকমই সহজ। ঘরোয়া ক্রিকেটে দৃশ্যপটে আসার পর থেকেই রান করছেন নিয়মিত। গত মৌসুমে ঢাকা লিগে খেলেছেন প্রথম বিভাগে। ম্যাগনাম ক্রিকেটার্সের হয়ে ১৬ ম্যাচে করেছিলেন লিগের সর্বোচ্চ ৮১৭ রান।
সেই পারফরম্যান্সের পর জাতীয় লিগে সুযোগ পেলেন খুলনা বিভাগীয় দলে। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই অর্ধশতক, তৃতীয় ও সপ্তম ম্যাচে সেঞ্চুরি। ম্যাগনাম ক্রিকেটার্স প্রিমিয়ারে উঠে মালিকানা ও নাম বদলে হয়ে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। লিস্ট ‘এ’ অভিষেকে সেই দলের হয়ে করলেন সেঞ্চুরি।
লিগের আগে রাজশাহীতে সপ্তাহখানেক নিবিড় অনুশীলন করেছে গাজী গ্রুপ। সেখানেই মেহেদী নজর কাড়েন কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। প্রথম ম্যাচেই সুযোগ দিয়ে কোচ পেলেন আস্থার প্রতিদান। এমনিতে তিনি ওপেনার, এখানে সুযোগটি ছিল না শামসুর রহমান ও এনামুল হক থাকায়। তবে বাজিমাত করলেন তিনে নেমেই।
ম্যাচ খেলবেন জেনে একটু নার্ভাস হয়েছিলেন মেহেদী, তবে পরে উড়ে যায় সব দুর্ভাবনা।
“আগের রাতে সালাউদ্দিন স্যার যখন জানালেন যে খেলব, তখন একটু চাপ ছিল। তবে ম্যাচে নামার পর কোনো চাপই ছিল না। জাতীয় লিগে বড় বড় বোলারদের খেলেছি, সেই ব্যাপারটাও সাহায্য করেছে।”
গত কয়েক বছরে খুলনা থেকে উঠে আসা অগুণতি ক্রিকেটারের স্রোতে আরেকটি সংযোজন মেহেদী। সাবেক অফ স্পিনার ও অকাল প্রয়াত কোচ শেখ সালাউদ্দিনের কাছে নিয়েছেন ক্রিকেটের পাঠ। বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ দলে। অনূর্ধ্ব-১৯ দলেও ডাক পেয়েছিলেন, তবে বাদ পড়ে যান।
হতোদ্যম না হয়ে লেগে ছিলেন ক্রিকেটে। ২০১০ সালে শেখ জামাল ক্রিকেটার্সের হয়ে তৃতীয় বিভাগ ক্রিকেট দিয়ে পা রেখেছিলেন ঢাকার ক্রিকেটে। এরপর প্রথম বিভাগ, প্রথম শ্রেণির ক্রিকেট হয়ে এখন প্রিমিয়ারে, যে টুর্নামেন্ট দিয়ে নজর কাড়া যায় সবচেয়ে বেশি। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর ২১ বছর বয়সী ব্যাটসম্যানের লক্ষ্য লিগে যতটা পারা যায় রান করা।
দেশের ক্রিকেটে তার সবচেয়ে পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসান। দেশের বাইরে এবি ডি ভিলিয়ার্স ও উমর আকমল। তবে হতে চান না এদের কারও মতোই!
“আমি আমার মতই হতে চাই। অনুসরণ কাউকে করি না”, মেহেদীর কণ্ঠের জোর মনে হলো তার শটের মতোই।
মাত্রই যদিও শুরু, তবু এই শুরুতেই ইঙ্গিত উজ্জ্বল আগামীর।
