২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুবায়েরের নিজেকে প্রমাণের জেদ

সহজে খেলার সুযোগ মেলে না জুবায়ের হোসেনের, তাই কালভদ্রে পাওয়া সুযোগ হেলায় না হারাতে মরিয়া এই লেগ স্পিনার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শুরুর দিনের মতো পারফরম্যান্সেই একাদশে জায়গা পাকা করতে চান এই তরুণ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 06:23 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

শুক্রবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে আবাহনীর ৭ উইকেটের জয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন জুবায়ের। ৩৪ রানে ৬ উইকেট নিয়ে তিনিই দেশের অন্যতম জনপ্রিয় দলটির জয়ের স্থপতি। 

গত মৌসুমেও আবাহনীতে ছিলেন জুবায়ের। সেবার প্রিমিয়ার লিগে একটির বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। দেশের প্রথম শ্রেণির দুই টুর্নামেন্টেও একই অভিজ্ঞতা হয়েছে এই স্পিনারের; জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগেও খেলেন একটি করে ম্যাচ।

ঘরোয়া ক্রিকেটে বরাবরই উপেক্ষিত জুবায়ের। প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ম্যাচ ঘরোয়া ক্রিকেটে খেলার আগেই ‘এ’ দলের হয়ে খেলেছেন তিনি। দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি, কিন্তু ঘরোয়া ক্রিকেটে এখনও এই সংস্করণে খেলার সুযোগ মেলেনি তার।

২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া জুবায়ের এ পর্যন্ত সব ধরনের ক্রিকেট মিলিয়ে খেলেছেন মোটে ২৬ ম্যাচ।

আবাহনীর নতুন কোচ খালেদ মাহমুদ ভরসা দিয়েছিলেন জুবায়েরকে, এবার খেলার সুযোগ পাবেন তিনি। প্রথম সুযোগই দুই হাতে কাজে লাগিয়েছেন ২০ বছর বয়সী জুবায়ের।

“জেদ ছিলো কিনা? অবশ্যই। সত্যি কথা বলতে আমি ঘরোয়া ক্রিকেটে সুযোগ খুব কম পেয়েছি। আজকে সুযোগ পেয়ে কাজে লাগাতে পেরেছি। ভবিষ্যতে সুযোগ পেলে এভাবেই কাজে লাগাব।”

কলাবাগান ম্যাচ ঘরোয়া ক্রিকেটে জুবায়েরের দ্বিতীয় লিস্ট ‘এ’ ম্যাচ। এই সংস্করণে সব মিলিয়ে আটটি ম্যাচ খেলেছেন তিনি। তাকে মূলত টেস্ট বোলার ভাবা হয়। তাই জানেন এই সংস্করণে সব সময়ই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যেতে হবে তাকে।

“যখন থেকে খেলা শুরু করেছি, তখন থেকেই নিজেকে প্রমাণ করে আসছি। জানতামও নিজেকে সব জায়গায় প্রমাণ করা লাগবে। আজকে খুব ভালো হয়েছে।”

জুবায়েরের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই বাংলাদেশের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহের। তিনি এই লেগ স্পিনারের মধ্যে দেখেন অমিত সম্ভাবনা। জুবায়ের জানান, কেবল কোচ নন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকেও সহায়তা পান তিনি।

“সবাই আমাকে ইতিবাচক কথা বলে। আমার চেষ্টা থাকে নিজেকে প্রমাণ করার। অনেক সময় সফল হই, আবার অনেক সময় ব্যর্থ হই। তবে সত্য কথা বলতে গেলে, সুযোগটা আমার জন্য খুব কমই আসে।”

বিরল সুযোগ কাজে লাগাতে আত্মবিশ্বাসী ছিলেন জুবায়ের। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে নিজের ওপর আস্থা ছিল তার। ওয়ানডে দলে জায়গা পেতে ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করা কতটা জরুরি জানেন তিনি, তাই ভাবনা জুড়ে কেবল উন্নতি।

“আমার প্রথম চেষ্টা থাকবে দলে নিয়মিত হওয়া। প্রিমিয়ার লিগের ম্যাচগুলো খেলা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করি, সামনের ম্যাচ খেলতে পারব। খেলার সুযোগ পেলে পরের ম্যাচেও এর ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আমার চেষ্টা থাকবে সেরা পাঁচ বোলাররের মধ্যে থাকার।”

লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেয়ে ভীষণ খুশি জুবায়ের। তবে এদিন নিজের বোলিং শতভাগ নিখুঁত হয়নি বলেও মনে করেন তিনি, “আমি আসলে চেষ্টা করেছিলাম শর্ট পিচ কম দিতে। এটা আজকে হয়নি। লেগ স্পিনাদের কিছু লুজ বল হয়ই। তারপরও চেষ্টা করব এটার উন্নতি করতে। ম্যাচ খেলতে খেলতেই উন্নতি হবে।”

ম্যাচ শেষেও জুবায়েরের চোখে ভাসছে হ্যামিল্টন মাসাকাদজার বোল্ড, ছয় উইকেটের মধ্যে তার কাছে এই উইকেটই সেরা।

“মাসাকাদজা আজকে দারুণ শুরু করেছিল। ওর সঙ্গে এর আগে খেলেছিলাম। তখন আমি খেয়াল করেছিলাম ও গুগলিতে একটু দুর্বল। আমি ওকে তিনটা বলই গুগলি মেরেছি এবং সফল হয়েছি। সব কিছুই পরিকল্পনা অনুযায়ী করে সফল হয়েছি।”

একটি পরিকল্পনার সফল বাস্তবায়নেই ভেসে যাচ্ছেন না জুবায়ের। এমন আরও অনেক পরিকল্পনা সফল করে নিয়মিত খেলার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য তার।