২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুবায়েরের ঘূর্ণিতে আবাহনীর শুভ সূচনা

জুবায়ের হোসেনের ঘূর্ণি জাদুতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শুভ সূচনা করেছে আবাহনী। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মাশরাফি বিন মুর্তজার দলকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে শিরোপা প্রত্যাশী দলটি।   

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 04:03 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩৩ ওভার ১ বলে ১৪০ রানে গুটিয়ে যায় কলাবাগান। দলকে এত কম রানে বেঁধে রাখায় সবচেয়ে বড় কৃতিত্ব লেগ স্পিনার জুবায়েরের।

১০ ওভারের টানা স্পেলে জুবায়ের উইকেট শিকার শুরু করেন সর্বোচ্চ রান সংগ্রাহক হ্যামিল্টন মাসাকাদজাকে বোল্ড করে। এরপর একে মেহরাব হোসেন জুনিয়র, শরিফুল্লাহ, তানভীর হায়দার, নিহাদুজ্জামান ও আব্দুর রাজ্জাককে ফিরিয়ে দেন তিনি।

গত মৌসুমে আবাহনীতেই ছিলেন জুবায়ের। সেবার একটির বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। এবার প্রথম ম্যাচেই একাদশে নিয়মিত হওয়ার দাবি জানিয়ে রাখলেন তিনি। ৩৪ রানে ৬ উইকেট নেওয়া এই স্পিনারই ম্যাচের সেরা খেলোয়াড়, লিস্ট ‘এ’ ক্রিকেটে এই প্রথম পাঁচ উইকেট পেলেন তিনি। 

২০ বছর বয়সী জুবায়েরের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে দিক হারানো কলাবাগান আর কক্ষপথে ফিরতে পারেনি।

ম্যাচের দ্বিতীয় বলেই সাদমান ইসলামকে লিটন দাসের গ্লাভসবন্দি করে সুরটা বেধে দেন তাসকিন আহমেদ। আরেক পেসার আবুল হাসান ফেরান আরেক উদ্বোধনী ব্যাটসম্যান জসিম উদ্দিনকে।

জুবায়েরে ঘূর্ণিতে এলোমেলো হয়ে পড়া কলাবাগান ঠিক মতো খেলতে পারেনি সাকলাইন সজীবকেও। এই বাঁহাতি স্পিনার ২৫ রানে নেন দুই উইকেট।

জবাবে ২৮ ওভার ৩ বলে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি খালেদ মাহমুদের শিষ্যদের। চতুর্থ ওভারেই রান আউট হন অধিনায়ক তামিম ইকবাল (৭)। নিজের ইনিংস বড় করতে পারেননি তিন নম্বরে নামা লিটন (১২)।

তবে অভিষেক মিত্রর ৩২ রানে সহজ জয়ের দিকেই এগিয়ে যায় আবাহনী। বাকি কাজটুকু নাজমুল হোসেন শান্তকে নিয়ে সহজেই সারেন উদয় কাউল। ভারতের হিমাচল প্রদেশের এই ক্রিকেটার অপরাজিত থাকেন ৪৪ রানে। তার সঙ্গে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৫৭ রানের জুটি উপহার দেওয়া তরুণ নাজমুল খেলেন অপরাজিত ৩৫ রানের আরেকটি চমৎকার ইনিংস।

ব্যাট হাতে ১ রান করা কলাবাগানের অধিনায়ক মাশরাফি চার ওভার বল করে ১৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ৫ ওভার বল করে কোনো উইকেট পাননি।

কলাবাগানের দেওয়ান সাব্বির ও নিহাদুজ্জামান একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

কলাবাগান: ৩৩.১ ওভারে ১৪০ (সাদমান ০, জসিম ১৬, মাসাকাদজা ৪১, তাসামুল ৩৭, মেহরাব জুনিয়র ১০, শরিফুল্লাহ ০, তানভীর ৭, নিহাদ ৮, মাশরাফি ১, রাজ্জাক ১২, সাব্বির ২*; জুবায়ের ৬/৩৪, সাকলাইন ২/২৫, তাসকিন ১/২৩, হাসান ১/২৮)

আবাহনী:  ২৮.৩ ওভারে ১৪২/৩ (তামিম ৭, অভিষেক ৩২, লিটন ১২, উদয় ৪৪*, নাজমুল ৩৫*; সাব্বির ১/৭, নিহাদ ১/৩২)

ফল: আবাহনী ৭ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: জুবায়ের হোসেন।