২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আনকোরা’মেহেদীর ব্যাটে ঢাকা লিগের প্রথম সেঞ্চুরি

বেশ ক’জনের কাছ থেকেই মোহাম্মদ সালাউদ্দিন শুনেছিলেন তরুণ এক ব্যাটসম্যানের কথা। নেটে দেখে মনেও ধরে গেল গাজী গ্রুপ ক্রিকেটার্সের কোচের। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই নামিয়ে দিলেন গুরুত্বপূর্ণ সময়ে। লিস্ট ‘এ’ ম্যাচে অভিষেকেই দারুণ এক সেঞ্চুরিতে কোচের আস্থার প্রতিদান দিলেন খুলনার এই ব্যাটসম্যান মেহেদি হাসান।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 02:10 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের বিপক্ষে গাজী গ্রুপের হয়ে ৮৯ বলে ১০৩ রান করেন মেহেদী। এবারের ঢাকা প্রিমিয়ার লিগের এটি প্রথম সেঞ্চুরি।

ঢাকা প্রিমিয়ার লিগ বা লিস্ট ‘এ’ তে খেললেন এই প্রথম। তবে জাতীয় লিগে খুলনা ও বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে খেলে ফেলেছেন ১২টি প্রথম শ্রেণির ম্যাচ। গত ফেব্রুয়ারিতেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে করেছিলেন ৫১। তৃতীয় ম্যাচেই ঢাকা মেট্রোর বিপক্ষে ১৪০ রানের ইনিংস। সপ্তম ম্যাচে করেছিলেন আরেকটি সেঞ্চুরি। এবার লিস্ট ‘এ’ তে অভিষেকেই শতক।

এমনিতে মেহেদি ওপেনার। তবে শামসুর রহমান ও এনামুল হক দলে থাকায় এই টুর্নামেন্টে তার জায়গা তিনে। শুক্রবার দুই ওপেনার দলকে এনে দিয়েছেন শক্ত একটা ভিত। ১১৩ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর উইকেটে যান মেহেদী। শুরু থেকেই ছিলেন সপ্রতিভ। আরেক প্রান্তে যখন থিতু হয়েও প্রান্ত বদলাতে ধুঁকছেন এনামুল, মেহেদী ছিলেন সাবলীল। উইকেটে যাওয়ার খানিক পরই ছক্কা মারেন দুটি, সিঙ্গেল-ডাবলস নিয়ে সচল রেখেছেন রানের চাকা।

৫৮ বলে ছুঁয়েছিলেন অর্ধশতক। পরের পঞ্চাশ করতে লেগেছে মোটে ৩০ বল! রুবেল হোসেনকে হুক করে চার মেরে শতক ছুঁয়েছেন ৮৮ বলে।

প্রথম ইনিংস শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কোচ সালাউদ্দিন জানালেন, নেটে দেখেই আস্থা রেখেছিলেন মেহেদীর ওপর।

“ওর কথা শুনেছিলাম, পরে নেটে দেখে ভালো লেগেছে। কিছু কাজ অবশ্যই এখনও করতে হবে, তবে ওর বেসিক টেকনিক খুব ভালো। হাতে শটও আছে বেশ। স্পিনটা খুব ভালো খেলে। প্রথম ম্যাচেই সেঞ্চুরি করবে, এতটা অবশ্যই ভাবিনি। তবে বিশ্বাস ছিল, ভালো করবে।”

ইনিংস বিরতিতে বিসিবির অফিসিয়াল ফেইসবুক পেইজে মেহেদীও জানান, প্রথম ম্যাচেই সেঞ্চুরিটা ভাবতে পারেননি তিনিও।

“সেঞ্চুরি তো ভেবে করা যায় না। হয়ে গেছে। আমি নরম্যাল ছিলাম। থিতু হওয়ার পর শট খেলেছি। মাঝে মধ্যে ভুল করছিলাম, সালাউদ্দিন স্যার বাইরে থেকে ইনফরমেশন পাঠিয়েছেন। ঠিক করে নিয়েছি।”

গত বছরও ঢাকা প্রথম বিভাগ লিগে খেলেছেন মেহেদী। এবার প্রিমিয়ারে অভিষেকেই সেঞ্চুরি। একই ম্যাচে অভিষেকে শেষ দিকে নেমে ৮ বলে ২২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ফারুক হোসেন। তিনিও এসেছেন প্রথম বিভাগ থেকে। এমনিতেই তো আর ঢাকা প্রিমিয়ার লিগকে বলা হয় না ক্রিকেটার বের করার কারখানা!