ভারত ম্যাচ সহজে ভোলার নয়: মাহমুদউল্লাহ
ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ শিরোপা জয়ী অধিনায়ক মাহমুদউল্লাহ। এবারও প্লেয়ার্স ড্রাফটে সবার আগে বেছে নেওয়া হয়েছে তাকে। বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে মঙ্গলবার থেকেই শুরু করেছেন অনুশীলন। মাঠে ফিরছেন চনমনে হয়ে। তবে ভারতের বিপক্ষে জয় হাতের মুঠোয় পেয়েও হাতছাড়া করার সেই ক্ষতে প্রলেপ পড়েছে সামান্যই। মিরপুর একাডেমিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে একান্ত আলাপচারিতায় কথা বললেন প্রিমিয়ার লিগ নিয়ে। উঠে এলো ভারতের বিপক্ষে সেই হারের বেদনাও।
ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে আইকনদের মধ্যে সবার আগে নেওয়া হয়েছে আপনাকে। কেমন লেগেছে জেনে?
মাহমুদউল্লাহ: সত্যি বলতে, আমি অবাক হয়েছিলাম। আরও অনেক নাম ছিল, ভালো ভালো ক্রিকেটাররা ছিলেন, দেশ সেরা সব ক্রিকেটার। ভাবতে পারিনি, আমাকেই সবার আগে নেওয়া হবে।
ঘরোয়া ক্রিকেটে আপনার নিজের যেমন পারফরম্যান্স, পাশাপাশি নেতৃত্বগুণ, তাতে এটা কিন্তু অপ্রত্যাশিত নয়। নিজেকে সেরা মনে হয় না?
প্রাইম ব্যাংকে ছিলেন গত মৌসুমে, সেখানে সব কিছুই গোছানো। কোচ খালেদ মাহমুদের সঙ্গেও অনেক পুরোনো সম্পর্ক। এবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে, একটু কমফোর্ট জোনের বাইরে…
মাহমুদউল্লাহ: শেখ জামালও বড় ক্লাব, বড় দল। নতুন অভিজ্ঞতা হবে। নতুন কিছু মানেই সুযোগ। আমিও এটিকে বড় সুযোগ হিসেবে দেখছি। সব দলে খেলার অভিজ্ঞতা হওয়ার উচিত। অবশ্যই প্রাইম ব্যাংক খুব ভালো ছিল আমার জন্য। ওখানে যে সাপোর্ট ছিল বা ম্যানেজমেন্ট যে কমফোর্ট লেভেল দিয়েছে, আশা করি নতুন দলেও সে রকম বা আরও ভালো কিছু পাব। এখানেও একটা কমফোর্ট জোন সৃষ্টি করতে পারব।
আপনাদের দলটা কেমন মনে হচ্ছে?
মাহমুদউল্লাহ: তরুণ দল। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার আছে কিছু। আবার অভিজ্ঞ ক্রিকেটাররাও আছেন। মার্শাল (আইয়ুব) আছে, আমি আছি, শফিউল (ইসলাম) আছে। স্পিন আক্রমণটা ভালো; গাজী (সোহাগ) ও সানি (আরাফাত) আছে। তবে ক্রিকেট তো নামে হয় না। অনুশীলনে যত কষ্ট করব, সেটার প্রতিফলন হয়ত মাঠে পড়বে।
গত বছর প্রাইম ব্যাংকে শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন। মাঝারি মানের দল নিয়ে বিপিএলের ফাইনালে তুলেছিলেন বরিশালকে। এবার নতুন চ্যালেঞ্জ।
এত এত আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর ঘরোয়া ক্রিকেটে নিজেকে অনুপ্রাণিত করাটা কি কঠিন?
মাহমুদউল্লাহ: আমাদের কাছে ঘরোয়া ক্রিকেট সব সময়ই দারুণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ। যদিও বিপিএল আছে। তার পরও প্রিমিয়ার লিগের প্রাধান্য বলেন বা গুরুত্ব, সব সময়ই আমার কাছে বেশি। ১০-১২ বছর আগে আমরা যখন ক্রিকেট শুরু করেছি, তখন থেকেই বুঝেছি প্রিমিয়ার লিগের আলাদা একটা মাহাত্ম্য আছে। সেটা আমার ভেতরে এখনও কাজ করে। সবসময় চেষ্টা করি প্রিমিয়ার লিগ যেন ভালো পারফর্ম করা যায়।
বিশ্বকাপের পর ছুটি কেমন কাটলো?
মাহমুদউল্লাহ: বেশ ভালো। একদম চনমনে হয়েই ফিরছি লিগে।
এই ছুটি কি ভারতের বিপক্ষে ম্যাচটি ভুলিয়ে দিতে পেরেছে?
আপনারা দুজন আউট হওয়ার পরও সুযোগ ছিল। শেষ বলটার দিকে নিশ্চয়ই তাকিয়ে ছিলেন?
মাহমুদউল্লাহ: তখনও আশা ছিল। শেষ বলে অন্তত ১ রান হবে ভেবেছিলাম। হয়নি, দায়টা আমারই। হারের দায়টা নিজেই নিচ্ছি। চাইছিলাম আমিই শেষ করে আসি…যেটা বললাম, ভুল হয়ে গেছে। সুযোগটা ছিল, পারিনি।
ফুল টস বলে অনেক সময় সহজাত প্রবণতাই থাকে গায়ের জোরে মেরে দেওয়ার..
মাহমুদউল্লাহ: ছক্কা মারারই বল ছিল। মিস করেছি। এখন তো আর পেছনে গিয়ে শোধরানো সম্ভব নয়। চেষ্টা করব সামনে এমন পরিস্থিতি হলে আরও নিরাপদ অপশন বেছে নিতে।
আক্ষেপটা তাহলে এখনও পোড়াচ্ছে?
ওই সময়ের পারিপাশ্বির্কতার কারণেও নিশ্চয়ই জয়টা খুব করে চাইছিলেন?
মাহমুদউল্লাহ: হ্যাঁ, আমাদের টপ দুজন বোলার ছিল না। পরিকল্পনায় ব্যঘাত ঘটেছিল। সবার জন্যই হৃদয় ভেঙে যাওয়ার মত ব্যাপার ছিল সেটি। জিততে পারলে তাসকিন-সানির জন্যই আরও বেশি ভালো লাগত। ওদের জন্যই খেলতে চেয়েছিলাম আমরা, ওদেরকে কিছু দিতে চেয়েছিলাম।
অস্ট্রেলিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাশরাফিও খুব আবেগী হয়ে পড়েছিলেন। আপনি বা দলের অন্যরা সেটি কিভাবে নিয়েছিল?
মাহমুদউল্লাহ: ওই সময়টায় সবাই কম বেশি ইমোশোনাল হয়ে গিয়েছিল। আবেগটা সবাইকেই স্পর্শ করেছিল। আমরা তো একটা পরিবারের মত। মাশরাফি ভাই যেটা বলেছিলেন, পরিবারের দুজন সদস্য হুট করে না থাকলে খারাপ লাগারই কথা। তবে এখন সামনে তাকানোর সময়। ওই ব্যাপারগলো ভুলে সামনে তাকাতে হবে। সামনে এই ব্যাপারগুলো আরও ভালোভাবে সামলাতে পারব আশা করি।
প্রতিটি ভুলই তো একেকটি শিক্ষা…
মাহমুদউল্লাহ: অবশ্যই, ভুল থেকেই শিক্ষা নিতে হয়…. (দীর্ঘশ্বাস) আর কী বলব।
ভোলা যায় না বলছেন, তবু তো তো আন্তর্জাতিক ক্রিকেটারদের সব ভুলে গিয়ে সামনে তাকাতে হয়…
পেছন ফিরে তাকালে, বাংলাদেশের বিশ্বকাপ অভিযানটাকে কিভাবে মূল্যায়ন করবেন?
মাহমুদউল্লাহ: আমরা প্রথম রাউন্ড উতরেছি। সুপার টেন পর্যায়েও ভালো ক্রিকেট খেলেছি। একটা-দুটি ম্যাচ জিততে পারলে আরও ভালো হতো। খুব কাছে গিয়েও সেটি হয়নি। তবে সুপার টেনের ফলটুকু বাদ দিলে আমরা ভালো ক্রিকেট খেলেছি; প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলেছি। টি-টোয়েন্টি ফরম্যাট বিবেচনা করলে এই টুর্নামেন্ট নিয়ে ভালো একটা পদক্ষেপ নিয়েছি আমরা।
টি-টোয়েন্টি আমাদের খুব একটা খেলা হয় না, অভ্যস্ততা অতটা ছিল না। সেখানে আমরা বিশ্বকাপে ধারাবাহিক থাকতে পেরেছি, সেটা ইতিবাচক দিক। আশা করি, সামনে আরও ভালো হবে।
