২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের মুখোমুখি হওয়ার অপেক্ষায় মুস্তাফিজ

প্রথমবারের মত বিদেশের লিগে খেলতে যাওয়ার আগে মুস্তাফিজ রহমানের উপলব্ধি, সাকিব আল হাসানের সঙ্গে একই দলে খেলতে পারলে দারুণ হতো! সেটা না হওয়ায় অপেক্ষায় এখন জাতীয় দল সতীর্থের মুখোমুখি হওয়ার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 07:07 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

সাকিব ছিলেন আগে থেকেই, এবার সঙ্গী মুস্তাফিজ; আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি এবার দুজন। আইপিএল খেলতে মঙ্গলবার বিকেলেই ঢাকা ছাড়ার কথা মুস্তাফিজের। রাতে যাওয়ার কথা সাকিবের। ২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সে খেলে দলটির একরকম ঘরের ছেলেই হয়ে গেছেন সাকিব। আর এবারের নিলামে ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে টেনেছে সানরাইজার্স হায়দরাবাদ।

এর আগে পাকিস্তান সুপার লিগে মুস্তাফিজকে দলে নিয়েছিল লাহোর কালান্দার্স। কিন্তু কাঁধের চোটের কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি তার। দেশের বাইরের লিগে খেলতে যাচ্ছেন তাই এই প্রথম।

প্রথমবার একা একা বড় কোনো অভিযানে যাচ্ছেন মুস্তাফিজ, মঙ্গলবার দুপুরে মিরপুর একাডেমিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, খানিকটা নার্ভাস তিনি। তবে ভালো লাগাটা আরও বেশি।

“একা একা যাচ্ছি বলে খানিকটা নার্ভাস। এমনিতে আর কিছু নেই। প্রথমবার আইপিএল খেলতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো খেলতে পারি। শুধু আমার জন্য নয়, সাকিব ভাইয়ের জন্যও দোয়া করবেন।”

সাকিবের প্রসঙ্গে উঠে এলো মুস্তাফিজের খানিকটা আক্ষেপও।

“জাতীয় দলে যখন খেলি, তখন তো আমরা একসঙ্গে সবাই ভাই হয়ে থাকি। ওখানেও সাকিব ভাইয়ের সঙ্গে একই দলে খেলতে পারলে ভালো হতো। এক সঙ্গে থাকতে পারতাম, খেলতে পারতাম।”

সাকিবের কলকাতা অবশ্য লড়াইয়েই ছিল না মুস্তাফিজের জন্য। নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে লড়াই করে মুস্তাফিজকে পেয়েছে সানরাইজার্স।

তবে টুর্নামেন্টের শুরুর দিকেই সাকিবের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে মুস্তাফিজের। সানরাইজার্স নিজেদের দ্বিতীয় ম্যাচেই খেলবে সাকিবের কলকাতার সঙ্গে, আগামী ১৬ এপ্রিল হায়দরাবাদে। ফিরতি ম্যাচ আগামী ২২ মে, কলকাতার ইডেন গার্ডেনসে।

একই দলে খেলতে না পেয়ে মুস্তাফিজ এখন অপেক্ষায় আছেন মুখোমুখি লড়াইয়ের জন্যও।

“ওই সময় আরও ভালো হবে। সাকিব ভাইকে মাঝে মাঝে পাব, কথা বলতে পারব। খুব ভালো হবে।”

বাংলাদেশের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। সাকিব ও মুস্তাফিজ ছাড়া আইপিএল খেলতে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সে মাশরাফি বিন মুর্তজা, র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আব্দুর রাজ্জাক, মুম্বাই ইন্ডিয়ান্সে মোহাম্মদ আশরাফুল ও পুনে ওয়ারিয়র্সে তামিম ইকবাল।

এবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই সাকিবদের প্রথম ম্যাচ, ইডেনে প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস। মুস্তাফিজদের প্রথম ম্যাচ ১২ এপ্রিল, বেঙ্গালুরুতে প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।