২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা এলিয়টের

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউ জিল্যান্ডের গ্র্যান্ট এলিয়ট। তবে ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার এখনও টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 04:35 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

সেমি-ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিউ জিল্যান্ডের বিদায়ের দুই দিন পর এই ঘোষণা দেন এলিয়ট।

নিউজহাবকে এলিয়ট বলেন, “আমি আমার শেষ ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছি। তবে ক্রিকেটে ফরম্যাট তিনটি।”

এলিয়ট জানান, যত দিন ক্রিকেট উপভোগ করবেন তত দিন খেলা চালিয়ে যাবেন তিনি।

ওয়ানডেতে এলিয়টের সেরা সময় কাটে এই সংস্করণে খেলা তার শেষ বছরে।  ২০১৩ সালের নভেম্বরের পর ওয়ানডে খেলেননি তিনি, তাই ২০১৫ বিশ্বকাপের দলে তার থাকাটা বিস্ময় হয়েই আসে।

সেই টুর্নামেন্টের সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই অলরাউন্ডার ৭৩ বলে খেলেন অপরাজিত ৮৪ রানের অসাধারণ এক ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার সেই দুর্দান্ত ইনিংসে প্রথমবারের মতো কোনো বিশ্ব আসরের ফাইনালে পৌঁছায় নিউ জিল্যান্ড। 

নিউ জিল্যান্ডের হয়ে ৮৩ ওয়ানডেতে দুটি শতক, ১১ অর্ধশতকসহ ১ হাজার ৯৭৬ রান করেন এলিয়ট।