নো বলের আক্ষেপে পুড়ছেন ধোনি
দুই বার লেন্ডল সিমন্সের ক্যাচ হাতে জমিয়েছিলেন ভারতীয় ফিল্ডাররা। তার পরও ম্যাচ শেষে অপরাজিত সিমন্স, ওয়েস্ট ইন্ডিজকে তুলে নিয়েছেন ফাইনালে। ওই দুবারই বেঁচে গেছেন নো বলে। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও পোড়াচ্ছে এই দুটি নো বল।
১৮ রানে জাসপ্রিত বুমরাহর হাতে ধরা পড়েছিলেন সিমন্স। ক্যাচটিও ছিল দারুণ। কিন্তু টিভি রিপ্লে দেখে আম্পায়ার জানান রবিচন্দ্রন অশ্বিনের বলটি ছিল নো। ৫০ রানে আবারও সিমন্স ক্যাচ দিলেন কাভারে। এবার টিভি রিপ্লে জানাল, হার্দিক পান্ডিয়ার বলটি ছিল নো!
সেই সিমন্স ৫১ বলে ৮২ রানের অপরাজিত ইনিংসে ফাইনালে তুললেন ওয়েস্ট ইন্ডিজকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ধোনির কণ্ঠে ঝরল আক্ষেপ।
“যে সময়ে নো বল দুটি হয়েছে, সময়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ওই সময় উইকেটগুলো পেলে স্পিনারদের দু-একটি ওভার দ্রুত করিয়ে নেওয়া যেত। হয়ত খুব বেশি রান না দিয়েই পার পাওয়া যেত।”
নো বলের জন্য ভারত অধিনায়ক পরোক্ষে দায়টা চাপালেন বোলারদের ওপরই।
“খোলাখুলি বললে, কেউই নো বল করতে চায় না। তবে এই ধরনের উইকেটে, যেখানে ব্যাটসম্যানকে আটকে রাখা কঠিন, তখন উইকেট পাওয়া বলটি নো হলে অন্য কাউকে দায় দেওয়া যায় না। তার ওপর আবার একটি ক্যাচ ছিল দুর্দান্ত।”
“যেটা বলছিলাম, কেউ ইচ্ছে করে নো বল করতে চায় না। আমি ওদের ওপর রূঢ় হতেও চাই না। তবে চাপের সময়টাতেই নিজের সেরাটা দিতে হবে। নো বল এমন একটা কিছু, বিশেষ করে সামনের পায়ের নো বল, বেশি বেশি অনুশীলন করে চাইলেই এড়ানো যায়।”
