২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয় জয়ে ফাইনালে অস্ট্রেলিয়ার মেয়েরা

নাটকীয় জয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। রোমাঞ্চকর সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়েছে গত তিন আসরের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 06:37 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩২ রান করে অস্ট্রেলিয়া।
 
৪১ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো সূচনা এনে দেন অ্যালিসা হিলি (২৫) ও এলিস ভিলানি (১৯)। ৫০ রানের মধ্যে এই দুই জন ফিরে যাওয়ার পর দলকে প্রায় একাই এগিয়ে নেন অধিনায়ক মেগ ল্যানিং। 
 
শেষ ওভারে রান আউট হওয়ার আগে সর্বোচ্চ ৫৫ রান করেন ল্যানিং। ৫০ বলে খেলা তার অধিনায়কোচিত ইনিংসটি ৬টি চারে গড়া। 
 
ইংল্যান্ডের নাটালি সিভার দুই উইকেট নেন ২২ রানে।
 
জবাবে ৭ উইকেটে ১২৭ রানে থেমে যায় গত দুই আসরের রানার্সআপদের ইনিংস।   
 
অধিনায়ক শার্লট এডওয়ার্ডসের (৩১) সঙ্গে ৬৭ রানের জুটিতে ইংল্যান্ডকে ভালো সূচনা এনে দেন ট্যামি বিউমেন্ট। এক সময়ে দলটির সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৯ রান। ৩২ রান করে বিউমেন্ট ফিরে গেলে দিক হারায় দলটি।
 
নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মধ্যেও চেষ্টা করেন সারাহ টেইলর (২১), ক্যাথেরিন ব্রান্ট (১১)। তবে তাদের প্রচেষ্টা জয়ের জন্য যথেষ্ট ছিল না। 
 
১৫ রানে দুই উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার মেগান স্কট।