নেতৃত্ব চালিয়ে যেতে চান দু প্লেসি
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব চালিয়ে যেতে চান ফাফ দু প্লেসি, যদিও এই সংস্করণে পরের বিশ্বকাপ হবে আরও চার বছর পর।
দু প্লেসি মনে করেন, ৩৫ পেরিয়ে গেলে বয়সটা বেশিই হত। ৩১ বছর বয়সী এই ক্রিকেটার আরও বহু দিন খেলে যাওয়ার প্রত্যয় জানান।
২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছেন দু প্লেসি। তিনি জানান, টি-টোয়েন্টি ক্রিকেট বন্ধ করার কোনো ভাবনা তার নেই।
“আমি মনে করি, আমার পারফরম্যান্স আমার হয়ে কথা বলবে। আমি দক্ষিণ আফ্রিকার হয়ে অধিনায়ত্ব করতে ভালোবাসি। আমি মনে করি, চার বছর পর এই দলের কয়েকজন থাকবে না।”
আগামী বছরের জানুয়ারির আগে দক্ষিণ আফ্রিকার কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই। তার আগেই আগামী কয়েক মাসের মধ্যে দলের পারফরম্যান্স মূল্যায়নে বসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। অধিনায়কের বিশ্বাস, গত কয়েক মাসে তারা যে উন্নতি করেছেন সেটা বিচেনায় রাখা হবে।
এই সময়ে বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে দক্ষিণ আফ্রিকা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি।
