দু প্লেসির জরিমানা
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসিকে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দু প্লেসির এই শাস্তির কথা জানায়।
গত সোমবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের শেষ ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানান দু প্লেসি।
শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ত্রয়োদশ ওভারে এলবিডব্লিউ হন দু প্লেসি। আম্পায়ার আউট ঘোষণা করলে কিছুক্ষণ জায়গায় দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় নিজের ব্যাটের দিকে তাকান এবং মাথা ঝাঁকান তিনি।
ম্যাচ শেষে দু প্লেসি নিজের দোষ স্বীকার করেন এবং ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নেন। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।
দু প্লেসির বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন মাঠের দুই আম্পায়ার এস রবি, রড টাকার, তৃতীয় আম্পায়ার পল রেইফেল এবং চতুর্থ আম্পায়ার ক্রিস জ্যাফানি।
গত অক্টোবর ভারত সফরে চেন্নাইয়ে চতুর্থ ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা দেন দু প্লেসি। সেই ম্যাচের এক বছরের মধ্যে দ্বিতীয়বার একই অপরাধ করায় এবার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিয়েছেন তিনি।
