‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে নিউ জিল্যান্ড’
উপমহাদেশের কন্ডিশনে নিউ জিল্যান্ডকে বিপজ্জনক দল হিসেবে ধরা হয় না। কিন্তু সেই দলটিই ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে দারুণ ক্রিকেট খেলছে। কেন উইলিয়ামসনের দলের বিপক্ষে কন্ডিশনের সুবিধা পাওয়া যাবে না বল মনে করছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
স্বাগতিক ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করে নিউ জিল্যান্ড। পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডকে হারিয়ে সবার আগে শেষ চার নিশ্চিত করে তারা।
“নিউজিল্যান্ড দল হিসেবে এই কন্ডিশনে যেমনই হোক, তারা কন্ডিশনের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। তারা এই টুর্নামেন্টে খুব ভালো অবস্থায় আছে। আমাদের এই মুহূর্তে হারানোর কিছু নেই। আশা করি, আমরাও ভালো ক্রিকেট খেলতে পারব।”
পাকিস্তানের বিপক্ষে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে লড়াই করে হারে দলটি। মাশরাফি মনে করেন, ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করা যাবে।
“পাকিস্তানের সঙ্গে ম্যাচটা বাদ দিলে আমরা অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে ভালো ক্রিকেট খেলেছি। ওখানে অনেক ইতিবাচক জিনিস আমরা অর্জন করেছি। এইসব যদি আমরা নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রদর্শন করতে পারি। সেক্ষেত্রে ভালো সম্ভাবনা আছে আমাদের।”
আগামী শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
