২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার দিয়েই শেষ মেয়েদের

গ্রুপের শেষ ম্যাচেও হারল বাংলাদেশের মেয়েরা। জাহানারা আলমের দলকে সহজেই ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 11:52 PM

Updated : 12 Apr 2022, 01:41 AM

বৃহস্পতিবার রাতে নয়া দিল্লির ফিরোজ শাহ কোটলায় টসে জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে সানজিদা ইসলাম ও সালমা খাতুনকে হারিয়ে ভালো সূচনা পায়নি বাংলাদেশ।

এর পর শারমিন আক্তার আর ফারজানা হকের ৪৮ রানের জুটিতে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। ৩৪ বলে ১৯ রান করে শারমিন আউট হলেও টিকে ছিলেন ফারজানা। তবে অন্য কারো থেকে বলতে গেলে কোনো সহায়তাই পাননি তিনি।

৩৭ বলে ৩৬ করে রান আউটের খাঁড়ায় পড়েন ফারজানা। বাংলাদেশের ইনিংসে আরও তিন জন রান আউট হয়। শেষে অধিনায়ক জাহানারা ও লতা মণ্ডলের ব্যাটে স্কোর একশ’ পার হয়। ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পারে ১১৩ রান।

সিদরা আমিনের ক্যারিয়ারের প্রথম অর্ধশতকে (৪৮ বলে ৫৩) এই রান অনায়াসেই তাড়া করে ফেলে পাকিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন বিসমাহ মারুফ (৪২ বলে ৪৩)। কেবল নাহিদা খানের উইকেটটি হারিয়ে পাকিস্তান জেতে ২১ বল হাতে রেখে।

চার ম্যাচেই হারা বাংলাদেশের অধিনায়ক জাহানারা ব্যর্থতার মাঝেও ইতিবাচক দিক হিসেবে বললেন ভবিষ্যতের জন্য অভিজ্ঞতা অর্জনের কথা।

“আমাদের শারীরিক ও মানসিকভাবে আরও উন্নতি করতে হবে। আমাদের অভিজ্ঞতার অভাব। আমরা খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলিনি।”

‘বি’ গ্রুপে তিন ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া পাকিস্তানকে সেমি-ফাইনালে উঠতে হলে শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতেই হবে। অন্য ম্যাচে শেষ বলে বাই ১ রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১ উইকেটে হারিয়ে শেষ চারে উঠে গেছে ইংল্যান্ড। টানা তিন ম্যাচ জিতলো তারা।

এই গ্রুপ থেকে ভারত ও ওয়েস্ট ইন্ডিজেরও শেষ চারে ওঠার সুযোগ আছে। নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।