২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশবাসীর কাছে মুশফিকের দুঃখ প্রকাশ

ভুল শটের যন্ত্রণা এখনও পোড়াচ্ছে মুশফিকুর রহিমকে। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিজের আউটকে ভারতের কাছে হারের জন্য দায়ী করে দুঃখ প্রকাশ করেছেন। বাংলাদেশের টেস্ট অধিনায়ক ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আনন্দের অনেক উপলক্ষ এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

অনীক মিশকাত অনীক মিশকাত

বেঙ্গালুরু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 07:43 PM

Updated : 12 Apr 2022, 01:41 AM

গত বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের কাছে জেতা ম্যাচ এক রানে হেরে যায় বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের বাঁচা-মরার ম্যাচে শেষ ওভারে দুটি চার হাঁকিয়ে জয় হাতের নাগালে নিয়ে আসেন মুশফিক।

এক সময়ে দরকার ছিল তিন বলে দুই রান। ছক্কায় ম্যাচ শেষ করতে গিয়ে সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক। দলের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যানকে এখনো যন্ত্রণা দিচ্ছে সেই আউট।

বৃহস্পতিবার নিজের ফেইসবুক ফ্যান পেইজে মুশফিক বলেন, “এরকম সময়ে আমার এভাবে আউট হওয়া ঠিক হয়নি... হয়তো আমার জন্যই দল হেরে গেছে... সেক্ষেত্রে দেশবাসীর কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, এটা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আপনাদের মুখে আবারও হাসি এনে দিতে পারব।”

“আমি জানি গতকালের হারটি আপনাদের জন্য অনেক বেদনাদায়ক ছিল... কিন্তু দলের সকলেই প্রতিটি ম্যাচে নিজেকে উজাড় করে দিয়ে খেলে... তাই আমার ও দলের সবার জন্যই পরাজয়টা কষ্টকর ছিল।”

মুশফিক ফিরে যাওয়ার পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন মাহমুদউল্লাহ। তিনি নিজের ফেইসবুক পেইজে শেয়ার করেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কমেন্ট।

ম্যাচ শেষে ধোনি বলেন, “অনেক সময়ই এ রকম হয়, বড় শট খেলে ম্যাচ শেষ করে দিতে ইচ্ছে করে। ভালো ব্যাটিং করতে থাকলে শট খেলার দিকেই ঝোঁক থাকে। বিশেষ করে উইকেট হাতে থাকলে, মনে হয় যে অন্য কেউ তো শেষ করতে পারবেই! মাহমুদউল্লাহর জন্য এটা শিক্ষা। ক্রিকেট খেলাটাই এমন। ওই শট যদি ছক্কা হতো, বলা হতো দারুণ সাহসিকতা। এখন হচ্ছে সমালোচনা। এটাই ক্রিকেট।”

তরুণ সাব্বির রহমান জানিয়েছেন হারের ধাক্কা সামলে ঘুরের দাঁড়ানোর প্রত্যয়, “যা ঘটে গেছে তা অনাকাঙ্ক্ষিত। যেটা আমরা কেউই প্রত্যাশা করিনি। আমরা সব সময় জয়ের জন্যই খেলি। তবে যাই হোক পরবর্তী ম্যাচে আমরা ভালোভবে ফিরবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন।”