শেষের চাপে সঠিক চিন্তা হয়নি
দলের সবচেয়ে ঠাণ্ডা মাথার ব্যাটসম্যান যখন পথ হারান তখন আর কিছু করার থাকে না। নাটকীয়তায় ভরা ম্যাচে ভারতের কাছে ১ রানে হারের পর মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, শেষের দিকে তারা সঠিকভাবে চিন্তা করতে পারেননি।
শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১১ রান। প্রথম তিন বলে ৯ রান আসায় দরকারটা দাঁড়িয়েছিল দুই রানে। তিন বলে এই রান করা খুব কঠিন ছিল না, হাতে চার উইকেট থাকায় জয় তখন বাংলাদেশের হাতের মুঠোয়।
কিন্তু পর পর দুই বলে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর দুই উচ্চাভিলাষী শট বিপদে ফেলে বাংলাদেশকে। অফ স্টাম্পের বাইরের শেষ বলে শুভাগত হোম চৌধুরী ব্যাট ছোঁয়াতে না পারায় হার এড়াতে পারেনি বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, সেই সময়ে ব্যাটসম্যানরা হিসেবি থাকলে কোনো ঝুঁকি থাকত না। তিনি মনে করেন, মুশফিক যে বলে আউট হন সেটায় এক রান হয়ে গেলেই বাংলাদেশ নিরাপদ জায়গায় চলে যেত।
“ফিল্ডার একজনও উপরে ছিল না। সবাই বাইরে ছিল। ওই বলটায় এক হয়ে গেলে হয়ত আমরা ভালো পজিশনে থাকতাম। তখন থেকে ১ হয়ে গেলে আমাদের ২ বলে ১ রান লাগত।”
একই সুযোগ ছিল মাহমুদউল্লাহর সামনেও। তিনিও করেন মুশফিকের মতো একই ভুল। মাশরাফি মনে করেন, সেই পরিস্থিতি ঠিকমতো পড়তে পারেননি তারা।
“ওই অবস্থায় ওই সব (এক রান নিয়ে খেলা) চিন্তা করলেই ভালো হত। আমরা তা করতে পারিনি।”
