ফিরে গেছেন সানি, শুক্রবার যাবেন তাসকিন
বোলিংয়ে নিষিদ্ধ বাঁহাতি স্পিনার আরাফাত সানি ফিরে গেছেন দেশে। শুক্রবার দেশে ফিরবেন নিষেধাজ্ঞার বিরুদ্ধে রিভিউ চেয়েও বিফল হওয়া ফাস্ট বোলার তাসকিন আহমেদ।
গত শনিবার দুজনের নিষেধাজ্ঞার খবর জানায় আইসিসি। তবে দেশে না পাঠিয়ে দুজনকেই দলের সঙ্গে রেখে দেয় বিসিবি। সানির নিষেধাজ্ঞা মেনে নিলেও তাসকিনের ব্যাপারে প্রবল আপত্তি ছিল বিসিবির। বোর্ড তাই রিভিউয়ের আবেদন করেছিল আইসিসির কাছে। বুধবার সকালে আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রিভিউয়েও বহাল রাখা হয়েছে তাসকিনের নিষেধাজ্ঞা।
এরপর তাসকিনকেও দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন ম্যানেজার খালেদ মাহমুদ।
“আজ ভোরেই রওনা হয়ে গেছে সানি। আর তাসকিনের ব্যাপারে আপাতত যা সিদ্ধান্ত হয়েছে, কালকে আমাদের সঙ্গেই কলকাতা যাবে ও, পরদিন ফিরে যাবে দেশে।”
শনিবার সুপার টেন পর্বের শেষ ম্যাচে কলকাতায় নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
