আবারও পাকিস্তানকে হারানোর নায়ক কোহলি
এশিয়া কাপে সবুজ উইকেটে দারুণ এক ইনিংস খেলে পাকিস্তানের বিপক্ষে ভারতকে জিতিয়েছিলেন বিরাট কোহলি। এবার বিশ্বকাপে জেতালেন টার্নিং উইকেটে আরেকটি দারুণ ইনিংস খেলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। বৃষ্টিতে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে ৫ উইকেটে ১১৮ রান তুলেছিল পাকিস্তান। ভারত জেতে ১৩ বল বাকি থাকতেই। টার্নিং উইকেটে ৩৭ বলে অপরাজিত ৫৫ কোহলি।
এই জয়ে অক্ষত থাকল বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের অপরাজেয় অভিযাত্রা। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়েই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কখনও হারেনি ভারত।
একই সঙ্গে বিশ্বকাপের স্বাগতিকরা দূর করল একটি অস্বস্তিও। ইডেন গার্ডেনসে সীমিত ওভারের ক্রিকেটে আগের চার দেখায় পাকিস্তানকে হারাতে পারেনি ভারত, জিতল এই প্রথম!
তুমুল বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি হয় এক ঘণ্টা। ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৮ ওভারে। ম্যাচের আগে সম্মাননা জানানো হয় দুই দলের ছয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার, শচিন টেন্ডুলকার, বিরেন্দর শেবাগ, ইমরান খান, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসকে।
দীর্ঘ সময় ঢেকে রাখা উইকেটে আর্দ্রতার কথা ভেবে টস জিতে বোলিং নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কন্ডিশন দেখে স্পিনিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে বাদ দিয়ে পাকিস্তান আক্রমণ সাজায় চার পেসার দিয়ে। কিন্তু খেলা শুরুর পর উইকেটের আচরণ দেখা গেল ভিন্ন!
দ্বিতীয় ওভারেই রবিচন্দ্রন অশ্বিনকে আক্রমণে এনেছিলেন ধোনি। শুরু থেকেই টার্ন পেলেন এই অফ স্পিনার। পরে টার্ন পেলেন রবিন্দ্র জাদেজা, সুরেশ রায়নারাও। টার্ন করার পাশাপাশি বল আসছিল থেমে। লড়াই করতে হলো পাকিস্তানের ব্যাটসম্যানদের।
উইকেট বুঝে পাকিস্তানের শুরুটা ছিল সাবধানী। শারজিল খান ও আহমেদ শেহজাদ ৩৮ রানের উদ্বোধনী জুটি গড়েন ৪৬ বলে। রানের গতি বাড়াতে তিন নম্বরে উঠে এসেছিলেন শহিদ আফ্রিদি। কিন্তু বাংলাদেশ ম্যাচের মত এবার ঝড় তুলতে পারেননি। বরং ধুঁকেছেন তিনিও (১৪ বলে ৮)।
পাকিস্তানের রানরেট তখন ওভার প্রতি মাত্র ৫ রানের একটু বেশি। সেখান থেকে দলকে লড়ার মত রান এনে দেন শোয়েব মালিক ও উমর আকমল। ১৬ বলে ২২ করেন আকমল, সমান বলে ২৬ মালিক।
এই দুজন আউট হওয়ার পর বাকি সময়টায় আবার ঝড় তুলতে পারেনি কেউ। পাকিস্তান থমকে যায় ১২০ ছোঁয়ার আগেই।
ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেটে লড়াই করার মত ছিল ওই রানও। পাকিস্তান লড়াই করেছেও। কিন্তু দূরূহ উইকেটেই যে নিজের সেরাটা ঢেলে দেন কোহলি, চিনিয়ে দেন নিজের জাত।
মোহাম্মদ আমির ও মোহাম্মদ সামির তোপে ২৩ রানের মধ্যেই ভারত হারিয়েছিল ৩ উইকেট। চতুর্থ উইকেটে যুবরাজ সিংকে নিয়ে ৪৪ বলে ৬১ রানের জুটিতে ম্যাচের ভাগ্য গড়ে দেন কোহলি। ২৩ বলে ২৪ করে ফেরেন যুবরাজ। ধোনিকে নিয়ে বাকি কাজটুকু শেষ করেন কোহলি।
প্রথম ম্যাচে হারের পর ভারতের জয় দারুণভাবে জমিয়ে দিল এই গ্রুপের খেলা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৮ ওভারে ১১৮/৫ (শারজিল ১৭, শেহজাদ ২৫, আফ্রিদি ৮, আকমল ২২, মালিক ২৬, সরফরাজ ৮*, হাফিজ ৫*; রায়না ১/৪, জাদেজা ১/২০, নেহরা ১/২০, পান্ডিয়া ১/২৫, বুমরাহ ১/৩২)।
ভারত : ১৫.৫ ওভারে ১১৯/৪ (রোহিত ১০, ধাওয়ান ৬, কোহলি ৫৫*, রায়না ০, যুবরাজ ২৪, ধোনি ১৩*; সামি ২/১৭, আমির ১/১১, ওয়াহাব ১/১৬)।
ফল: ভারত ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: বিরাট কোহলি (ভারত)
