২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিভ রিচার্ডসের সঙ্গে গেইলের তুলনা

ক্রিস গেইলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে মুগ্ধ ফিল সিমন্স। অসাধারণ এক শতক করে ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়া বিধ্বংসী এই ব্যাটসম্যানকে কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ডসের সঙ্গে তুলনা করেছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 06:36 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

পুরনো খবর:

ম্যাককালামকে ছাড়িয়ে গেইলের ছক্কার রেকর্ড

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত বুধবার ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি অভিযান শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৮ বলে অপরাজিত ১০০ রান করেন গেইল। অসাধারণ ইনিংসটি ৫টি চার ও ১১টি ছয়ে সাজান তিনি।

ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে দুটি শতক করার কীর্তি গড়েছেন গেইল। তার প্রথম শতকটি আসে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ম্যাচে। ২০০৭ সালে জোহানেসবার্গে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে ৫৭ বলে ১১৭ রান করেছিলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টিতে ব্রেন্ডন ম্যাককালামের সর্বোচ্চ ছক্কার রেকর্ডও ছাড়িয়ে যান গেইল। ছক্কার শতক করার কাছাকাছি (৯৮টি) আছেন তিনি।       

ম্যাচ শেষে সিমন্স বলেন, “এভাবে একটা (বোলিং) আক্রমণকে বিধ্বস্ত করা, আমি মনে করি, আমার সময়ের শুধু স্যার ভিভিয়ানের সঙ্গেই তার তুলনা করতে পারি। কারণ, স্যার ভিভিয়ান উইকেটে গিয়ে এভাবে (বোলিং) আক্রমণ গুঁড়িয়ে দিতেন।”

ইংল্যান্ডের স্কোর তাড়া করতে নামার আগে গেইলকে কী পরামর্শ দিয়েছিলেন সিমন্স?

এর উত্তরে ওয়েস্ট ইন্ডিজ কোচ বলেন, “আমার জন্য ১৫ ওভার ব্যাট করো। তোমার কাছে আমি এটাই চাই। আমি জানি, তুমি যদি ১৫ ওভার ব্যাট করো, তাহলে আমরা আমাদের চাওয়া লক্ষ্যের কাছাকাছি কোথাও থাকব; তা আমরা আমরা লক্ষ্য দেই বা তাড়া করি।”

এমন বড় জয় দিয়ে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ দলগুলোকে কি কোনো বার্তা দিল? সিমন্স বলেন, “আরও আসছে।”