ম্যাককালামকে ছাড়িয়ে গেইলের ছক্কার রেকর্ড
ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠলেন ক্রিস গেইল। একের পর এক ছক্কায় গড়লেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের আগে ৯১টি ছক্কা নিয়ে শীর্ষে ছিলেন সম্প্রতি অবসরে যাওয়া নিউ জিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।
বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে ২০ ওভারের ক্রিকেটে গেইলের ছক্কা ছিল ৮৭টি। শুরুতে নিজেকে একটু গুটিয়ে রাখলেও হাত খুলে খেলতে সময় নেননি বাঁ-হাতি এই খুনে ব্যাটসম্যান।
ম্যাককালাম ৯১টি ছক্কা মারতে ৭১টি ম্যাচ খেলেছিলেন। গেইল ৪৬ ম্যাচেই তাকে ছাড়িয়ে গেলেন।
দ্বিতীয় ওভারে রিস টপলির বলে দিনের প্রথম ছক্কা মারেন গেইল। এরপর নবম ওভারে আদিল রশিদকে পরপর দুটি ছক্কা মারেন। একাদশ ওভারে বেন স্টোকসের বলে ছক্কা হাঁকিয়ে ম্যাককালামকে স্পর্শ করার পরের বলেও ছক্কা মেরে তাকে ছাড়িয়ে যান গেইল।
অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ৭৯টি ছক্কা নিয়ে আছেন তালিকার তৃতীয় স্থানে।
ম্যাচ জয়ী ৪৮ বলে ১০০ রানের ইনিংসে ৫টি চারও মারেন গেইল।
গেইলের এই খুনে ব্যাটিংয়ে ইংল্যান্ডের ৬ উইকেটে করা ১৮২ রানের লক্ষ্য ১১ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
