উইকেট পড়তে ভুল করেছিল বাংলাদেশ
ইডেন গার্ডেন্সের উইকেট সম্পর্কে সম্পূর্ণ ভুল ধারণা করেছিল বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, উইকেট সবুজ ঘাস দেখে বিভ্রান্ত হয়েছিলেন তারা।
বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে যে উইকেটে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ তাতে ছিল সবুজের ছোঁয়া। প্রথম দেখায় মাশরাফিদের মনে হয়েছিল, এই উইকেটে বল একটু ধরবে। কিন্তু বাস্তবে তেমন কিছু হয়নি। ব্যাটিং স্বর্গে সরাসরি ব্যাটে বল পেয়েছেন ব্যাটসম্যানরা।
“আমাদের ধারণামত উইকেটে বল ধরেনি। তবে পাকিস্তান খুব ভালো শুরু করেছে।”
কলকাতার ব্যাটিং স্বর্গে পাকিস্তানের মতো বাংলাদেশও খেলে তিন পেসার নিয়ে। আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শহিদ আফ্রিদিদের ঝড়ো ব্যাটিংয়ের মধ্যে চমৎকার বোলিং করেন তরুণ পেসার তাসকিন আহমেদ। চার ওভার বল করা তাসকিন দেন ১০টি ডট বল।
তবে খুব একটা সুবিধা করতে পারেননি মাশরাফি ও আল আমিন হোসেন। তিন ওভার করে বল করা মাশরাফি ও আল আমিন করেন যথাক্রমে দুটি ও তিনটি ডট বল।
উইকেট দেখে বাংলাদেশের মনে হয়েছিল, ১৬০/১৭০ রানের লক্ষ্য তাড়া করা সম্ভব। কিন্তু প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলটিকে হতাশ করে ৫ উইকেটে ২০১ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশের ইনিংস থেমে যায় ৬ উইকেটে ১৪৬ রানেই।
