২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং ডুবিয়েছে ভারতকে

নিউ জিল্যান্ডের কাছে হারের দায় ব্যাটসম্যানদের দিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 04:30 PM

Updated : 11 Oct 2022, 07:56 PM

পুরনো খবর:

কিউই স্পিনে ঘায়েল ভারত

নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গত মঙ্গলবার ওয়ার্ল্ড টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ৪৭ রানে হারে স্বাগতিক ভারত। 
 
নিউ জিল্যান্ডের দেওয়া ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ৭৯ রানে অলআউট হয়ে যায় ভারত। টি-টোয়েন্টিতে এটা ভারতের দ্বিতীয় সর্বনিম্ন রানের ইনিংস।
 
ম্যাচ শেষে ধোনি বলেন, “ব্যাটিংই আমাদের ডুবিয়েছে। এমন ছিল না যে, পিচ ব্যাটিংয়ের জন্য খারাপ ছিল। সহজে কিছু উইকেট দিয়ে আসার ব্যাপার ছিল।”
 
“কোনো জুটি হয়নি। তারা ভালো বল করেছে। কিন্তু আউট হওয়া ব্যাটসম্যানরা আরও মনোনিবেশ করতে পারত। এটা ভালো স্কোর ছিল। কিন্তু (তাড়া করা) অসম্ভব ছিল না। আমাদের শুধু ব্যাটিংই ডুবিয়েছে।”
 
মূলত নিউ জিল্যান্ডের স্পিনারদের কাছেই হেরে গেছে ভারত। বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ১১ রানে নেন ৪ উইকেট। অফস্পিনার নাথান ম্যাককালাম ২ উইকেট নেন ১৫ রানে। আর লেগস্পিনার ইশ সোধি ৩ উইকেট নিতে খরচ করেন ১৮ রান। বাকি উইকেটটি নেন ফাস্ট বোলার অ্যাডাম মিল্ন।