২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ম্যাচের আগে জয় দিয়ে পাকিস্তানের প্রস্তুতি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিমের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ১৫ রানে হারিয়েছে শহিদ আফ্রিদির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 08:46 PM

Updated : 12 Apr 2022, 01:37 AM

কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে সোমবার টস জিতে ব্যাট করতে নেমে ৪৭ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। তবে তিন নম্বরে ব্যাট করতে নামা মোহাম্মদ হাফিজের অপরাজিত ৭০ রানের ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে তারা।

৪৯ বলের ইনিংসটি ৯টি চার ও একটি ছয়ে সাজান হাফিজ। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান শারজিল খান।

২১ রানে ২ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফলতম বোলার থিসারা পেরেরা।

লক্ষ্য তাড়া করতে নেমে ২ রানে তিলকারত্নে দিলশানকে হারায় শ্রীলঙ্কা। তবে দিনেশ চান্দিমাল ও লাহিরু থিরিমান্নের ব্যাটে জয়ের পথে ছিল তারা। কিন্তু চান্দিমাল ২১ বলে ৩০ আর থিরিমান্নে ৩৭ বলে ৪৫ রান করে আউট হওয়ার পর ব্যাট হাতে আর কেউ দাঁড়াতে পারেননি। ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রান তুলতে পারে শ্রীলঙ্কা।

৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন ইমাদ। মোহাম্মদ ইরফান ২ উইকেট নিতে খরচ করেন ১৮ রান।

আগামী বুধবার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে শহিদ আফ্রিদির দল।

সোমবার আরেক প্রস্তুতি ম্যাচে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশকে ১৪ রানে হারায় ইংল্যান্ড।

মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে আগে ব্যাট করে জো রুটের ৪৮, অ্যালেক্স হেলসের ৩৭, জেসন রয়ের ৩২ ও বেন স্টোকসের ৩০ রানে ভর করে ৮ উইকেটে ১৭৭ রান তুলতে পারে ইংল্যান্ড। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান করে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামী বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান।