২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চ্যালেঞ্জ কঠিন কিন্তু অসম্ভব নয়’

মাশরাফি বিন মুর্তজার মতে, প্রতিবেশী দেশ হলেও ভারতে খেলাটা বাংলাদেশের জন্য খুব কঠিন। তার পরও সুপার টেন পর্বে দারুণ কিছু করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

ধর্মশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 03:06 PM

Updated : 12 Apr 2022, 01:37 AM

এশিয়া কাপে ফাইনাল খেলে আসার পর বিশ্বকাপেও প্রথম রাউন্ডে দারুণ খেলেছে বাংলাদেশ। তবে সামনে এবার আরও বড় চ্যালেঞ্জ। সুপার টেন পর্বে কঠিন এক গ্রুপে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড।

প্রতিবেশী দেশ হলেও ভারতে প্রায় ১০ বছর পর খেলছে বাংলাদেশ। তাছাড়া প্রথম রাউন্ডের ভেন্যু ধর্মশালার উইকেট-কন্ডিশন থেকে অনেকটাই আলাদা কলকাতা-বেঙ্গালুরুর কন্ডিশন। সুপার টেন নিশ্চিত করার পর মাশরাফি নিজেও বললেন, সামনে কাজটা দলের জন্য আরও কঠিন।

“আমরা ভারতের খুব কাছে হলেও কখনও খেলিনি। এখানে খেলাটা কঠিন। কাজেই আমরা উইকেট দেখব, সেভাবে পরিকল্পনা করব, অনেক কিছুর ব্যাপার আছে।”

তবে দল যেভাবে খেলছে, তাতে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক।

“টি-টোয়ন্টিতে অসম্ভব বলে কিছু নেই। আমরা এখানে খেলতে এসেছি এবং ভালো খেলতে এসেছি। সুপার টেনে আমরা কোন ধরনের ক্রিকেট খেলব, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা সেরা ক্রিকেটই খেলব, সেটাই আমাদের ইচ্ছা। আমি খুবই আত্মবিশ্বাসী যে আমরা যেভাবে পারফর্ম করছি, আমাদের খুব কিছু ভাবার নেই।”