২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টেনে আফগানিস্তান

প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে সহজেই হারিয়ে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সুপার টেন পর্বে জায়গা করে নিয়েছে আফগানিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 07:18 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

এই নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল এশিয়ার দেশটি।  
ভারতের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার আফগানিস্তানের জয়টি ৫৯ রানের। টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ের বিপক্ষে এই নিয়ে খেলা পাঁচ ম্যাচের সবকটি টি-টোয়েন্টিই জিতল আফগানরা।

সুপার টেনে যেতে হলে জিততেই হবে; অঘোষিত ‘ফাইনাল’-এ রূপ নেওয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করে আফগানিস্তান। জবাবে ১৯.৪ ওভারে ১২৭ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। 

২০১৪ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছিল জিম্বাবুয়ে।
 
দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ শাহজাদের ঝড়ো ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৪৯ রান তোলে আফগানিস্তান। এর মধ্যে ৪০ রানই করেন শাহজাদ। তার আউটেই ভাঙে জুটি। এর আগে ২৩ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছয় মারেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 
 
এর পর দ্রুত আরও তিনটি উইকেট হারায় আফগানিস্তান। ৫০ থেকে ৬৩-এই ১৩ রানের মধ্যে একে একে ফিরে যান অধিনায়ক আসগর স্তানিকজাই, গুলবাদিন নাইব ও নুর আলি জাদরান। 
 
তবে সামিউল্লাহ শেনওয়ারি আর মোহাম্মদ নবির অসাধারণ দুটি ইনিংস আর এর সঙ্গে জিম্বাবুয়ের বোলারদের অকৃপণভাবে দেওয়া অতিরিক্ত রান মিলিয়ে শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়ে আফগানরা। 
 
নবির সঙ্গে পঞ্চম উইকেটে ১০.৪ ওভারে ৯৮ রান তুলে আউট হন শেনওয়ারি। এর আগে ৩৭ বলে ৪টি চার ও একটি ছয়ে ৪৩ রান করেন তিনি। ৪টি চার ও দুটি ছয়ে ৩২ বলে ৫২ রান করে আউট হন নবি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই নবির সর্বোচ্চ রানের স্কোর।

আফগানদের স্কোর বোর্ডে অতিরিক্ত থেকে যোগ হয় ২৫ রান। 
৩২ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সফলতম বোলার টিনাসে পানিয়াঙ্গারা। 
 
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ রান করেন পানিয়াঙ্গারা (১৭*)। 
 
৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। হামিদ হাসান ২ উইকেট নিতে খরচ করেন ১১ রান। এ ছাড়া একটি করে উইকেট নেন নবি, দৌলত জাদরান ও শেনওয়ারি।

সুপার টেনে আফগানিস্তান এক নম্বর গ্রুপে খেলবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে। আগামী বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানদের সুপার টেন অভিযান। 

অন্য দিকে বৈশ্বিক টুর্নামেন্টে অবশেষে জয়-খরা কাটাল স্কটল্যান্ড। টানা দুই হারে আগেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়া দলটি প্রথম পর্বে 'বি' গ্রুপের শেষ ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে হংকংকে ৮ উইকেটে হারিয়েছে।

১৯৯৯ সাল থেকে ২০ ম্যাচ খেলে বৈশ্বিক টুর্নামেন্টে জয়হীন ছিল স্কটল্যান্ড।   

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ১৮৬/৬ (শাহজাদ ৪০, নূর আলি ১০, স্তানিকজাই ০, গুলবাদিন ৭, শেনওয়ারি ৪৩, নবি ৫২, শফিকুল্লাহ ৯*, দৌলত ০*; পানিয়াঙ্গারা ৩/৩২, উইলিয়ামস ১/২৫, টিরিপানো ১/৪১)।

জিম্বাবুয়ে: ১৯.৪ ওভারে ১২৭ (সিবান্দা ১৩, হ্যামিল্টন মাসাকাদজা ১১, মুতুম্বামি ১০, উইলিয়ামস ১৩, ওয়ালার ৭, রাজা ১৫, চিগুম্বুরা ১০, ওয়েলিংটন মাসাকাদজা ৬, টিরিপানো ২, পানিয়াঙ্গারা ১৭*, চাটারা ৮; রশিদ ৩/১১, হামিদ ২/১১, স্তানিকজাই ১/৪, নবি ১/১৪, দৌলত ১/৩০, শেনওয়ারি ১/৩১)।

ফল: আফগানিস্তান ৫৯ রানে জয়ী।

ম্যাচ সেরা: মোহাম্মদ নবি (আফগানিস্তান)।  

</div>  </p>