সানি-তাসকিনের জন্যই মাঠে নেমেছিল বাংলাদেশ
আম্পায়ারের চোখে প্রশ্নবিদ্ধ আরাফাত সানি ও তাসকিন আহমেদ। তবে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের জন্য এই দুজনই ছিলেন অনুপ্রেরণা।
সানি-তাসকিনের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর দিনই দলের পক্ষ থেকে কঠিন বার্তা জানিয়ে রেখেছিলেন চন্দিকা হাথুরুসিংহে। ক্ষুব্ধ বাংলাদেশ কোচ সংশয় জানিয়েছিলেন আম্পায়ারদের ভূমিকা নিয়ে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও দারুণভাবে আগলে রাখছেন এই দুজনকে। গোটা দলই পাশে দাঁড়িয়েছে দুই বোলারের।
আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের পর সংবাদ সম্মেলনের একটা বড় অংশ জুড়ে ছিল সানি-তাসকিনের অ্যাকশন বিতর্ক। দুই বোলারের ওপর দলের পূর্ণ বিশ্বাস জানালেন অধিনায়ক।
“সত্যি কথা বলতে, ম্যাচটি আমরা খেলতে নেমেছিলাম ওদের দুজনের জন্যই। আমরা আমাদের থেকে পুরোপুরি সমর্থন দিচ্ছি ওদের। ম্যাচের আগেও আমরা বলেছি যে আজ সানি ও তাসকিনের জন্য খেলব। আমাদের পুরো বিশ্বাস আছে ওদের ওপর। যেভাবে সার্ভিস দিচ্ছিল, পরীক্ষা দিয়ে আবার এসে সেভাবেই দেবে তারা।”
চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে শনিবারই ধর্মশালা ছাড়ার কথা সানির। তাসকিন পরীক্ষা দিতে যাবেন সোমবার। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে তাসকিন একাদশে থাকলেও রাখা হয়নি সানিকে। অধিনায়ক জানালেন, প্রশ্নবিদ্ধ অ্যাকশনের কোনো ভূমিকা ছিল না একাদশ বাছাইয়ে।
“আজকে সানি দলে ছিল না অ্যাকশনের কারণে নয়, কম্বিনেশনেই রাখা হয়নি। তাসকিন একাদশে ছিল। আজকে আরও বেশি এফোর্ট দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এটাই আসল মানসিকতা।”
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের দুই আম্পায়ারের একজন, রড টাকার আম্পায়ারিং করেছিলেন গত বছর বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজে। নেদারল্যান্ড ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ছিলেন ওই ভারত সিরিজেও। সেই সিরিজে তাসকিন-সানি খেললেও প্রশ্ন ওঠেনি তখন। এবার কেন?
অধিনায়ক নিজেও এই প্রশ্ন করেছিলেন আম্পায়ার-ম্যাচ রেফারিকে।
“আমি তাদেরকে জিজ্ঞেস করেছি। তারা বলেছে তাদের কাছে, এখন মনে হচ্ছে। এটা নিয়ে তো আমাদের কিছু করার নেই। আইসিসির পক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে আমাদের। আইসিসির যে পদ্ধতি আছে, সেটার ভেতর দিয়েই যেতে হবে। এই তো!”
অ্যাকশন প্রশ্নবিদ্ধ করা নিয়ে প্রশ্ন যতোই থাকুক, বাস্তবতা এখন এটাই। অধিনায়ক ও গোটা দল মিলে নির্ভার রাখছেন সানি ও তাসকিনকে।
“এই পরিস্থিতিগুলো কঠিন যে কোনো বোলারের জন্য। তবে আমার কাছে মনে হয়নি ওরা বিন্দুমাত্র কোনো চাপ নিচ্ছে। আমি বলেছিলাম, যেরকম প্রতি ম্যাচে থাকে, যেটা সবসময় করে আসছে, আজকেও মাঠে এসে সেরকমই থাকতে ও করতে।”
