২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা দিতে শনিবার চেন্নাই যাচ্ছেন সানি, সোমবার তাসকিন

আইসিসি অনুমোদিত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে শনিবার চেন্নাইয়ের উদ্দেশে ধর্মশালা ছাড়বেন আরাফাত সানি। তাসকিন আহমেদ যাবেন ধমর্শালা পর্ব শেষেই।

ক্রীড়া প্রতিবেদক

ধর্মশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 08:31 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

দুজনের চেন্নাই যাওয়ার তারিখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন দলের সঙ্গেই থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান।

দুজনকে আলাদা করে চেন্নাই পাঠানোর কারণও ব্যখ্যা করলেন এই বিসিবি পরিচালক।

“আসলে তাসকিনের আজকেও (শুক্রবার) ম্যাচ খেলার কথা। যেহেতু সে ফাস্ট বোলার, টানা ম্যাচ খেলে ভ্রমণ করা ক্লান্তিকর হতে পারে। তাছাড়া এই রাউন্ডের শেষ ম্যাচেও আমাদের ওকে দরকার হবে। এজন্য তাসকিনকে পরে পাঠাচ্ছি।”

আকরাম খান যা জানালেন তাতে শেষ ম্যাচে দলের সঙ্গে থাকছেন না সানি। শনিবার চেন্নাইয়ে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পরে সোমবার দিল্লিতে দলের সঙ্গে যোগ দেবেন সানি। সুপার টেনে উঠলে ধর্মশালা থেকে দিল্লি হয়ে কলকাতা যাওয়ার কথা বাংলাদেশ দলের। সেখানে ১৬ মার্চ প্রতিপক্ষ পাকিস্তান।

৯ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়েছিল তাসকিন ও সানির বোলিং অ্যাকশন। এমনিতে দুই সপ্তাহের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা করানোর নিয়ম থাকলেও আইসিসি টুর্নামেন্ট চলার সময় সময় পাওয়া যায় এক সপ্তাহ।