২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাপালীর নৈপুণ্যে পূর্বাঞ্চলের জয়

অলক কাপালীর অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে উত্তরাঞ্চলকে হারিয়েছে পূর্বাঞ্চল। মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ম্যাচটি হয়েছে ড্র। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 06:59 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল
 
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে বৃহস্পতিবার উত্তরাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের জয়টি ৪ উইকেটে।
 
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামা উত্তরাঞ্চল অল আউট হয় ৩৫৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ১৩১ রান করেন মাইশুকুর রহমান। কাপালীর বলে আউট হওয়ার আগে ৩৩১ বলের ইনিংসটি ১৬টি চার ও একটি ছয়ে সাজান তিনি। 
 
জাতীয় দলের বাইরে থাকা লেগস্পিনার কাপালী ৩৪.১ ওভারে ৭০ রান দিয়ে ৫ উইকেট দিয়ে পূর্বাঞ্চলের সফলতম বোলার। আবু জায়েদ ও নাজমুল ইসলাম নেন দুটি করে উইকেট।
 

জয়ের জন্য ১৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পূর্বাঞ্চল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন উইকেটরক্ষক জাকির হাসান। ৪৩ বলের ইনিংসটি ৬টি চার ও ৩টি ছয়ে সাজান তিনি।    প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের ৩৯২ রানের জবাবে ১৭৩ রানে অলআউট হয়েছিল উত্তরাঞ্চল। পূর্বাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ১৫৪ রান করেছিলেন কাপালী। এ মৌসুমে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ রানের ইনিংস ম্যাচ সেরা এই অলরাউন্ডারের। মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ৪৮ ওভারে ৪০৬ রান প্রয়োজন ছিল দক্ষিণাঞ্চলের। ম্যাচটি ড্র হওয়ার আগে ৩৫ ওভারে ৪ উইকেটে ১০৯ রান তুলতে পারে তারা।  তুষার ইমরানের অপরাজিত ৫৪ রানই দলীয় সর্বোচ্চ। এ ছাড়া ফরহাদ রেজা করেন ৪০ রান।  মধ্যাঞ্চলের তানভির হায়দার ৭ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ ও মোহাম্মদ শরীফ।  এর আগে ২ উইকেটে ১১২ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে মধ্যাঞ্চল। ৪২ রান নিয়ে দিন শুরু করা মার্শাল আইয়ুব আউট হন ৬৬ রান করে। আগের দিনে ৩ রানে অপরাজিত থাকা রকিবুল হাসানের ইনিংস থামে ৩২ রানে।  ৭৩ বলে ৫৯ রান করে শরীফুল্লাহ আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন মধ্যাঞ্চলের অধিনায়ক মোশাররফ হোসেন। দলের রান তখন ৬ উইকেটে ২৯২। ৬৮ বলে ৬৩ রান করে অপরাজিত ছিলেন শুভাগত হোম।  ম্যাচ সেরার পুরস্কার গেছে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেওয়া দক্ষিণাঞ্চলের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের অধিকারে।